Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeউত্তরায় স্কুলছাত্রী অপহরণ: গ্রেফতার লামিন কারাগারে

উত্তরায় স্কুলছাত্রী অপহরণ: গ্রেফতার লামিন কারাগারে

রাজধানীর উত্তরায় বাবার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় গ্রেফতার লামিন ইসলামের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক তাহমিনা আক্তার।

এর আগে একদিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক ফরিদুজ্জামান। আসামিপক্ষে আইনজীবী শহিদুল ইসলাম জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত ১ মে গাজীপুরের পূবাইল থানাধীন এলাকা থেকে অপহরণ মামলার প্রধান আসামি লামিন ইসলামকে গ্রেফতার করা হয় এবং একই সময় অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে ২ মে লামিন ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানির জন্য ৪ মে দিন ধার্য করেন। ওইদিন একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

গ্রেফতার লামিন ইসলামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা এলাকায়।

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী (১৪) উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল দুপুরে পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৬ এলাকায় তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায় লামিন ইসলাম ও তার সহযোগীরা।

এ ঘটনায় ভিকটিমের বাবা মো. কামরুজ্জামান উত্তরা পূর্ব থানায় অপহরণ মামলা করেন। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার পরবর্তী অগ্রগতি নির্ধারণ করা হবে।

এমডিএএ/এএমএ