ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রধান সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোরবানির পশুর চামড়া অপসারণ করছে পৌরসভা। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশে এসব চামড়া অপসারণ করে শহর পরিচ্ছন্ন করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ জানান, শহরের পৌর সুপার মার্কেট এলাকা, কাচারি পুকুরপাড় ও শহীদ পলু সড়কের মোড়ে চামড়ার স্তূপ পড়ে থাকতে দেখা যায়। সেখানে এসব চামড়ার কোনো মালিক পাওয়া যায়নি। প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি মালিকবিহীন এসব চামড়া অপসারণের নির্দেশ দিয়েছেন। উনার নির্দেশে শহর পরিচ্ছন্ন রাখতে চামড়াগুলো আমরা অপসারণ শুরু করেছি। পরে জীবাণু মুক্ত রাখতে ব্লিসিং পাউডার ছিটানো হবে।
আরও পড়ুন:
দাম না পেয়ে রাস্তায় ফেলে যাচ্ছে চামড়া, ছড়াচ্ছে দুর্গন্ধ
তিনি আরও বলেন, এসব চামড়া ট্রাকে অপসারণ করে ছয়বাড়িয়ায় ময়লা ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হবে। সেখানে চামড়াগুলো পুঁতে ফেলা হবে।
স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় চামড়া কিনে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা। গ্রামের বিভিন্ন এলাকা থেকে তুলনামূলক বেশি দামে চামড়া সংগ্রহ করলেও শহরের আড়তে এসে তারা কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না। ফলে রাস্তায় চামড়া ফেলে চলে যাচ্ছেন তারা।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস

