Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeএলপিএলে পাঁচ বাংলাদেশি, কে কোন দলে?

এলপিএলে পাঁচ বাংলাদেশি, কে কোন দলে?

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরে খেলতে যাচ্ছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও লিটন কুমার দাস। সোমবার অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে আরও সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।

কলম্বোতে অনুষ্ঠিত প্রায় চার ঘণ্টার ড্রাফটে নিজেদের স্কোয়াড চূড়ান্ত করে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। এবারের আসরে নতুনভাবে যুক্ত হয়েছে ‘ইমপ্যাক্ট সাব’ নিয়ম। পাশাপাশি প্রতিটি দলকে একাদশে অন্তত একজন শ্রীলঙ্কান অনূর্ধ্ব-২৩ ক্রিকেটার রাখতে হবে। এসব বিষয় মাথায় রেখেই দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ড্রাফটের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৩১ জন ক্রিকেটারের নাম থাকলেও শেষ পর্যন্ত সুযোগ পেয়েছেন মাত্র দুজন। ক্ল্যাসিক ক্যাটাগরি থেকে গল গ্যালান্টস দলে জায়গা করে নিয়েছেন মিরাজ। একই দলে খেলবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসও। অন্যদিকে কলম্বো ক্যাপস দলে নিয়েছে পেসার হাসান মাহমুদকে।

ড্রাফটে নাম থাকলেও দল পাননি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোসাদ্দেক হোসেন ও শামীম হোসেনসহ আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার।

সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ খেলবেন এসসি জাফনা কিংসের হয়ে। দীর্ঘ বিরতির পর স্বীকৃত ক্রিকেটে ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছে সাকিবের সামনে। প্রায় সাড়ে ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে।

তবে বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচির কারণে এলপিএলে অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে থাকা ক্রিকেটাররা পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন কি না, সেটি এখনও পরিষ্কার নয়।

এবারের এলপিএলের আরেকটি আলোচিত বিষয় ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্করের অংশগ্রহণ। সম্প্রতি ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি ক্যান্ডি রয়্যালসের হয়ে খেলবেন। ভারতের সক্রিয় ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ না থাকলেও অবসরের পর সেই বাধা থাকছে না।

এদিকে নতুন মৌসুমে চারটি ফ্র্যাঞ্চাইজি নতুন নামে অংশ নিচ্ছে। জাফনা খেলবে এসসি জাফনা কিংস নামে, গল হয়েছে গল গ্যালান্টস, ক্যান্ডি হয়েছে ক্যান্ডি রয়্যালস এবং কলম্বোর নতুন নাম কলম্বো ক্যাপস। শুধু ডাম্বুলা সিক্সার্স তাদের আগের নাম ধরে রেখেছে।

আগামী ১৭ জুলাই পর্দা উঠবে এবারের এলপিএলের। টুর্নামেন্ট চলবে ৮ আগস্ট পর্যন্ত।

এসকেডি/আইএন