চাঁদপুর শহরে গাছ থেকে জাম পাড়া নিয়ে দুই কিশোরের বিরোধ ঠেকাতে গিয়ে মো. ইয়াছিনের (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে যমুনা রোড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন ওই এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে জাম পাড়াকে কেন্দ্র করে মুসা প্রধানিয়া ও একই এলাকার শাহজাহান মালের ছেলে মো. মেহেদী হাসানের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় মেহেদীকে মুসা মারধর করে। তখন ইয়াছিন এগিয়ে এলে মুসা তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এতে ইয়াছিন মাটিতে লুটিয়ে পড়ে। এরপরেও মুসা তাকে আরও কয়েকটি আঘাত করে। পরে লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।
মেহেদীর মা ইনুন নেছা বলেন, আমার ছেলের সঙ্গে মুসার বিবাদ হয়। তাকে রক্ষা করতে গিয়ে ইয়াছিন মারধরের শিকার হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। মূলত জাম পাড়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। জড়িত সবাই কিশোর বয়সের। তবে অভিযুক্ত কিশোর মুসা পলাতক রয়েছে। ইয়াছিনের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
শরীফুল ইসলাম/এনএইচআর/জেআইএম

