Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কোরবানির ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য অপসারণের দাবি ডিএনসিসির

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, কোরবানির বর্জ্য অপসারণে নেওয়া ৭২ ঘণ্টার কর্মপরিকল্পনার তৃতীয় দিন পর্যন্ত ১৮ হাজার ৩৪৪...
Home‘ও মাহির, এহন তোর রুটি-মাংস কেডা খাইবো?’

‘ও মাহির, এহন তোর রুটি-মাংস কেডা খাইবো?’

রুটি আর মাংস রান্না করে নাতির জন্য অপেক্ষা করছিলেন নানি হেলেনা খাতুন। ঘুম থেকে উঠে মোটরসাইকেল নিয়ে একটু বাইরে গিয়েছিলেন মাহির শাহরিয়ার (২১)। ফিরে এসে খাবার খাবেন, এমনটাই ছিল পরিবারের প্রত্যাশা। কিন্তু সেই অপেক্ষা আর শেষ হয়নি। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পরিবারের একমাত্র ছেলে মাহির।

শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিনি।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন মাহির। কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর পৌঁছে যায় পরিবারের কাছে। এতে মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া।

নাতির মৃত্যুর খবরে ভেঙে পড়েন নানি হেলেনা খাতুন। আহাজারি করতে করতে তিনি বলেন, ‌‘আমার নাতি ঘুম থাইক্যা উঠে বাইরে বের অইছে। আমি নাতির লাগি রুটি-মাংস রান্না কইরা রাখছি। বাইরে থেকে আইয়্যা খাইবো। ও মাহির, এহন তোর রুটি-মাংস কেডা খাইবো?’

একমাত্র সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা মুক্তা আক্তার। শোকে স্তব্ধ হয়ে পড়েছেন বাবা আব্দুল কাইয়ুম রেণু ও ছোট বোন লাইভা।

প্রত্যক্ষদর্শী শেখ তোফায়েল আহমেদ রিয়াদ জানান, তিনি ঈশ্বরগঞ্জ থেকে বাড়ির দিকে ফিরছিলেন। এসময় মাহির মোটরসাইকেল নিয়ে তাকে ওভারটেক করে সামনে চলে যান।

তিনি বলেন, ‘মাহির আমাকে ওভারটেক করে প্রায় ২০ গজ সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সে মোটরসাইকেলসহ ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। আমরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। চোখের সামনে এমন ভয়াবহ দুর্ঘটনা জীবনে প্রথম দেখেছি। আল্লাহ মাহিরকে জান্নাতবাসী করুন।’

পরিবারের সদস্যরা জানান, মাহির ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এলাকার কালীবাড়ি রোডে বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি নান্দাইল উপজেলার মুসল্লি এলাকায়। তার বাবা আব্দুল কাইয়ুম রেণু ঈশ্বরগঞ্জ পৌর বাজারে একটি মুদি দোকান পরিচালনা করেন।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী জাগো নিউজকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

হোসাইন সুলভ/এসআর/এমএস