Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeকুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়ার দৌলতপুরের পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (৩১ মে) রাত ৯টা ৪০ মিনিটের দিকে পিয়ারপুর গ্রামে অবস্থিত কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—পিয়ারপুর এলাকার মো. ফুরকান কসাই (৫৫), মো. এছেম (৫০) ও মো. ফিরোজ (৪৮)। তারা সবাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনতাজের সমর্থক হিসেবে পরিচিত। তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস এবং ছাত্রদল নেতা মনিরুজ্জামান মুনতাজের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাতে মুনতাজের ৮-১০ জন কর্মী দলীয় কার্যালয় ও সংলগ্ন চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত কার্যালয়টি লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার বিষয়ে মনিরুজ্জামান মুনতাজ অভিযোগ করেন, সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস ও তার লোকজন সরাসরি এ হামলার সঙ্গে যুক্ত।

তবে অভিযোগ অস্বীকার করে জহুরুল করিম বিশ্বাস দাবি করেন, মুনতাজের লোকজন নিজেরাই নিজেদের অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থল থেকে দুটি বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

আল-মামুন সাগর/কেএইচকে/এমএস