প্রথম সরকারি সফরে ভারতের কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই সফরের মধ্য দিয়ে ১৪ বছর পর কলকাতায় এলেন মার্কিন কোনো পররাষ্ট্রমন্ত্রী। ভারত সফরের অংশ হিসেবে রুবিও ২৩ থেকে ২৬ মে পর্যন্ত কলকাতা, আগ্রা, জয়পুর ও নয়াদিল্লি সফর করবেন।
শনিবার (২৩ মে) ভারতে আসা রুবিও আগামী কয়েক দিনে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক সহযোগিতা জোরদার করা প্রধান বিষয় হিসেবে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে রুবিও বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলসহ বিভিন্ন খাতে কৌশলগত সমন্বয় আরও জোরদার করছে ভারত ও যুক্তরাষ্ট্র। ২৬ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগ (কোয়াড) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
কলকাতায় পৌঁছানোর পরপরই রুবিও তার স্ত্রী জিনেট্টি ডি রুবিও-কে সঙ্গে নিয়ে মধ্য কলকাতার মাদার হাউস পরিদর্শন করেছেন। এটি মাদার তেরেসার প্রতিষ্ঠা করকা মিশনারিজ অব চ্যারিটির বৈশ্বিক সদর দপ্তর। পরে তারা নির্মলা শিশু ভবনও পরিদর্শন করেন যা ১৯৫০ সালে মাদার তেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটির পরিচালিত একটি শিশু নিবাস।
কলকাতায় রুবিওর এই সফর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ১৪ বছরের মধ্যে প্রথম সফর। এর আগে ২০১২ সালের মে মাসে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কলকাতায় সফর করেছিলেন। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর কলকাতা বিমানবন্দরে রুবিওকে স্বাগত জানান এবং পরে এক্সে পোস্ট দিয়ে সফরের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি লেখেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কলকাতায় পৌঁছেছেন। এটি তার প্রথম ভারত সফর। পরে আমরা নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করব। আগামী কয়েক দিনে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, কোয়াডসহ আরও অনেক বিষয়ে আলোচনা ও অগ্রগতি হবে।
কোয়াড, প্রতিরক্ষা ও বাণিজ্য আলোচনায় গুরুত্ব
মার্কিন কর্মকর্তাদের মতে, এই সফরের লক্ষ্য হচ্ছে প্রতিরক্ষা অংশীদারত্ব, উদীয়মান প্রযুক্তি, জ্বালানি, নিরাপত্তা ও বাণিজ্যসহ কৌশলগত খাতে সহযোগিতা আরও এগিয়ে নেওয়া। এদিকে পশ্চিম এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যেই নয়াদিল্লিতে কোয়াডভুক্ত দেশ-ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রস্তুতি চলছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
এই উচ্চপর্যায়ের আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতেসু মোতেগি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। কোয়াড বৈঠকের পাশাপাশি সফররত পররাষ্ট্রমন্ত্রীরা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মন্ত্রীরা ২০২৫ সালের ১ জুলাই ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনার ভিত্তিতে মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক গঠনে কোয়াডের দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতায় পরবর্তী পদক্ষেপ এগিয়ে নেবেন।
ভারত-যুক্তরাষ্ট্র জ্বালানি অংশীদারত্ব জোরদার
ভারত সফরের আগে রুবিও ইঙ্গিত দিয়েছিলেন যে, ওয়াশিংটন নয়াদিল্লির সঙ্গে জ্বালানি সম্পর্ক বড় পরিসরে সম্প্রসারণে আগ্রহী। সুইডেন ও ভারত সফরের আগে মিয়ামিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ভারত যত পরিমাণ জ্বালানি কিনতে চায় যুক্তরাষ্ট্র ততটাই সরবরাহ করতে প্রস্তুত।
তিনি জানান, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং হরমুজ প্রণালি ঘিরে সামুদ্রিক নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে ভারতকে মার্কিন তেল ও গ্যাস রপ্তানি বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা এরই মধ্যে শুরু হয়েছে।
রুবিও আরও ইঙ্গিত দেন, ভারতীয় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় যুক্তরাষ্ট্র আরও বড় ভূমিকা রাখতে চায় এবং ভেনেজুয়েলার অপরিশোধিত তেল নিয়ে সম্ভাব্য সহযোগিতার কথাও উল্লেখ করেন।
ভারতকে দারুণ অংশীদার উল্লেখ করে রুবিও বলেন, ক্রমবর্ধমান অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতিতে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে আরও শক্তিশালী সহযোগিতা প্রয়োজন।
সূত্র: দ্য স্টেটসম্যান
কেএম

