চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশের পৃথক দুই অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, চাপাতি, ছুরি, শক মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সিএমপি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
এর আগে গত বুধবার গভীর রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ এ অভিযান চালায়।
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিমের নেতৃত্বে বুধবার (১৩ মে) রাতে চক্রেশো আবাসিক এলাকার ৪ নম্বর রোডে জি এম ভবনের সামনে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. হাসান ওরফে বি-ক্লাস হাসান (২৮), মো. মঈন উদ্দিন (২৫), মো. ইয়াছিন আরাফাত (২১), মো. নয়ন (২০) ও আরিফুর রহমান বাবু (২০)।
অভিযানকালে তাদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি ও একটি শক মেশিন জব্দ করা হয়।
এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে একই রাতে অক্সিজেন এলাকার রৌফাবাদে বাগদাদ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসের সামনে আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. সম্রাট (৩০), মো. রবিউল হোসেন (২৪), জাহিদ হাসান (২৮), মো. রাজু (৩০), মো. রকিবুল হাসান (২৪) ও আব্দুর রহমান ভুট্টো মিয়া (৩২)।
তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি, দুটি স্টিলের ছুরি, একটি লোহার কাটার ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতি, চুরি, মাদক ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমআরএএইচ/জেএইচ

