চট্টগ্রাম নগরের ইপিজেড থানার একটি বাসায় অভিযান চালিয়ে ২২০০ ইয়াবা, ৫ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) ইপিজেড থানাধীন মাদ্রাজী শাহ পাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ নিজাম ওরফে নেজাম (৩২)। তিনি বন্দরটিলা এলাকায় বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাগর ভিলা নামের একটি ভবনের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালায়। এসময় নিজামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ হাজার ২০০টি ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৭০ হাজার ৭২০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নিজাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে নগরের বন্দর ও ইপিজেড থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, এ ঘটনায় ইপিজেড থানায় নতুন করে একটি মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এমআরএএইচ/এমআইএইচএস/

