Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Home‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আবেগঘন বার্তা আঁখি আলমগীরের

‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আবেগঘন বার্তা আঁখি আলমগীরের

বহুল আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে জনমনে কৌতূহলের শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এবার প্রাণীটিকে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। আর এ বিষয়টি নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আঁখি মহিষটির বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘এটিকে একটি খামারে স্থানান্তর করা উচিত। চিড়িয়াখানা তার জন্য উপযুক্ত জায়গা নয়। বিষয়টি সত্যিই হৃদয়বিদারক। প্রাণীদের নিয়ে এই প্রদর্শনী বা সার্কাস যথেষ্ট হয়েছে। কেউ দয়া করে তাকে সাহায্য করুন, খুব দেরি হয়ে যাওয়ার আগেই।’

আঁখির এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হয়ে প্রাণীটির জন্য আরও স্বাভাবিক ও উপযোগী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, বিরল প্রজাতির প্রাণী হিসেবে সংরক্ষণ এবং নিরাপত্তার স্বার্থে জাতীয় চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত যৌক্তিক।

বর্তমানে ‘ডোনাল্ড ট্রাম্প’ ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার ৭ নম্বর শেডে রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এবং বিরল প্রাণী হিসেবে সংরক্ষণের উদ্দেশ্যে কেরানীগঞ্জ থেকে মহিষটিকে সেখানে আনা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে প্রথমে মহিষটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও খাদ্যের ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আবেগঘন বার্তা আঁখি আলমগীরের

এদিকে ঈদুল আজহার দিন থেকেই ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। চিড়িয়াখানার অন্যান্য প্রাণীর তুলনায় এই মহিষটির খাঁচার সামনেই বেশি মানুষের উপস্থিতি দেখা যায়।

দর্শনার্থীদের অনেকে জানান, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির খবর দেখেই তারা চিড়িয়াখানায় এসেছেন। কেউ কেউ আবার এর চেহারা ও মাথার বিশেষ ধরনের চুলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাদৃশ্যও খুঁজে পেয়েছেন।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মো. আতিকুর রহমান জানিয়েছেন, মহিষটিকে আনার পর থেকেই দর্শনার্থীদের আগ্রহ বেড়েছে। তিনি বলেন, নতুন ও বিরল প্রাণী হওয়ায় মানুষ এটিকে দেখতে ভিড় করছে। পরিবহনের সময় শরীরে সামান্য আঁচড়ের চিহ্ন দেখা গেলেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রাণীটি সুস্থ রয়েছে।

আরও পড়ুন:
আল্লাহ মাফ করুক, কানে ধরি: রাজনীতির কথা শুনে শিরিন শিলা
শাকিব-অপুর সঙ্গে অভিনয় বদলে দিয়েছিল শিরিন শিলার ভাবনা

উল্লেখ্য, অ্যালবিনো জাতের এই মহিষটি নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা হচ্ছিল। মহিষটির অস্বাভাবিক সাদা রং ও মাথার বিশেষ ধরনের চুলের কারণে তার নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় বিরল এই প্রাণীটি।

এমএমএফ/জেআইএম