Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeধামরাইয়ে রাস্তায় বেড়া নিয়ে বিরোধে খুন: ১৪ বছর পর যাবজ্জীবন

ধামরাইয়ে রাস্তায় বেড়া নিয়ে বিরোধে খুন: ১৪ বছর পর যাবজ্জীবন

ঢাকার ধামরাইয়ে চলাচলের রাস্তা ঘিরে বিরোধের জেরে দেলোয়ার হোসেন ওরফে ধলু হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ ১৪ বছর পর রায় দিয়েছেন আদালত। মামলার একমাত্র আসামি সোহেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

বুধবার (২০ মে) ঢাকার অতিরিক্ত দায়রা জজ অষ্টম আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক মুহাম্মদ মনির হোসাইন এ রায় ঘোষণা দেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজুল ইসলাম সজীব রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১২ সালে সংঘটিত এ হত্যাকাণ্ডের দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ রায় ঘোষণা দেন। রায়ের সময় আসামি সোহেল আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে পাঠানো হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ফয়সাল মাহমুদ। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. তারেক হোসেন।

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ১৯ আগস্ট ধামরাই এলাকায় চলাচলের রাস্তা ঘিরে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বাদী ফিরোজ আল মামুনের লোকজনের সঙ্গে সোহেলের বিরোধ ও বাকবিতণ্ডা হয়। এর একদিন পর, ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ফিরোজের ভাই দেলোয়ার হোসেনকে একটি ইরি প্রজেক্টের শ্যালো মেশিনঘরের পাশের ড্রেনে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

দেলোয়ারের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাওয়ালীপাড়া জনকল্যাণ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের ভাই ফিরোজ আল মামুন ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ১০ জুলাই ধামরাই থানার পরিদর্শক মো. কামরুল হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে অব্যাহতি দেওয়া হয়।

২০১৭ সালের ১৯ এপ্রিল আদালত সোহেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ২৮ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়। সাক্ষ্যপ্রমাণ, নথিপত্র ও শুনানি পর্যালোচনা শেষে আদালত একমাত্র আসামি সোহেলকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

এমডিএএ/এমআরএম