Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeনাচ-গান বিতর্কে নারীর মরদেহ দাফনে বাধা, প্রশাসনের হস্তক্ষেপে সমাধান

নাচ-গান বিতর্কে নারীর মরদেহ দাফনে বাধা, প্রশাসনের হস্তক্ষেপে সমাধান

চুয়াডাঙ্গায় নাচ-গান ও টিকটক করা নিয়ে বিতর্কের জেরে সুবর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সদর উপজেলার দৌলতদিয়ার দক্ষিণপাড়ায় এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় রাত ১০টার দিকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (১৩ মে) রাতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই নারী। তিনি সেখানে স্বামীর সঙ্গে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে বিকেলে তার মরদেহ চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকার নিজ বাড়িতে আনা হয়। তবে মরদেহ বাড়িতে পৌঁছানোর পরপরই দাফন নিয়ে আপত্তি তোলে স্থানীয়দের একটি অংশ।

স্থানীয়দের অভিযোগ, ওই নারী ছোটবেলা থেকেই নাচ-গানের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার আপত্তিকর নাচ-টিকটক নিয়ে অনেকের ক্ষোভ ছিল। তাই এলাকাবাসী এখানে দাফন দিতে রাজি হয়নি।’

সুবর্ণার সৎবাবা ইসরাইল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের পরিবারের আগের সদস্যদেরও এখানে দাফন করা হয়েছে। আজ কেন বাধা দেওয়া হলো বুঝলাম না। পরে পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়। সুবর্ণার পরিবার পরে কবরস্থান কমিটির সদস্যপদ গ্রহণে সম্মত হয়।।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই নারীর চুয়াডাঙ্গা পৌর এলাকায় বিয়ে হয়েছিল। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রায় ছয় বছর আগে দাম্পত্য কলহের জেরে তিনি স্বামী-সন্তান রেখে ঝিনাইদহের শৈলকূপার আরেকজনের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন। পরিবারের দাবি, সাম্প্রতিক পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং দাফন সম্পন্ন করা হয়।

হুসাইন মালিক/কেএইচকে/জেআইএম