বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর একটি হলো ইনস্টাগ্রাম। ছবি শেয়ারিংয়ের গণ্ডি পেরিয়ে এখন এটি রিল, শর্ট ভিডিও, ব্যবসা প্রচার এবং ব্যক্তিগত ব্র্যান্ড তৈরির বড় মাধ্যম হয়ে উঠেছে। প্রতিদিন লাখ লাখ রিল আপলোড হলেও, তার মধ্যে খুব অল্প সংখ্যক ভিডিওই দর্শকদের নজর কাড়তে পারে।
২০২৬ সালে কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার এবং ছোট ব্যবসায়ীরা একটি বিশেষ কৌশলের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। এই পদ্ধতির নাম ‘(থ্রি-সেকেন্ড হুক) 3-Second Hook’। বিশেষজ্ঞদের মতে, কোনো রিল ভাইরাল হবে কি না, তার বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডেই।
সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে বড় প্রতিযোগিতা হচ্ছে দর্শকের মনোযোগ ধরে রাখা। কেউ একটি রিল স্ক্রল করে এড়িয়ে যাবেন, নাকি থেমে পুরো ভিডিওটি দেখবেন সেটা অনেকটাই নির্ভর করে প্রথম ৩ সেকেন্ডের উপর। তাই ভিডিওর শুরু এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইনস্টাগ্রামের ‘থ্রি-সেকেন্ড রুল’ আসলে কী?
ইনস্টাগ্রামের অ্যালগরিদম সাধারণত সেই রিলগুলোকে বেশি মানুষের কাছে পৌঁছে দেয়, যেগুলো দীর্ঘ সময় ধরে দেখা হয়। কোনও ভিডিও যদি দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে সেটি আরও বেশি মানুষের ফিড ও এক্সপ্লোর পেজে দেখানোর সম্ভাবনা বাড়ে।
এই কারণেই ‘থ্রি-সেকেন্ড হুক’ এখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। ভিডিওর শুরু এমনভাবে করতে হয় যাতে দর্শকের মধ্যে সঙ্গে সঙ্গে কৌতূহল তৈরি হয়। অনেক ক্রিয়েটর শুরুতেই চমকে দেওয়া তথ্য, অদ্ভুত প্রশ্ন বা আকর্ষণীয় দাবি ব্যবহার করেন, যা মানুষকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বাধ্য করে।
বর্তমানে ছোট কিন্তু শক্তিশালী হুক বেশ কার্যকর হচ্ছে। যেমন-
- এই ভুলটা করার আগে ভিডিওটা দেখুন
- আমি টাকা নষ্ট করে যে শিক্ষা পেয়েছি…
- শেষ পর্যন্ত না দেখলে মজাটাই মিস করবেন
এ ধরনের শুরু দর্শকের দৃষ্টি দ্রুত আকর্ষণ করে। এর সঙ্গে দ্রুত কাট, প্রাণবন্ত এক্সপ্রেশন এবং বড় টেক্সট ব্যবহার করলে রিল আরও বেশি কার্যকর হয়।
এখন কোন ধরনের কনটেন্ট বেশি জনপ্রিয়?
দামী ক্যামেরায় শুট করা ভিডিওর চেয়ে এখন দর্শক বেশি পছন্দ করছেন বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত কনটেন্ট। যেসব ভিডিওতে কাজের তথ্য, দৈনন্দিন সমস্যা বা সহজ সমাধান থাকে, সেগুলো বেশি ভিউ পাচ্ছে। বর্তমানে সবচেয়ে বেশি দেখা হচ্ছে-
- লাইফ হ্যাকস
- কম দামের উপকারী গ্যাজেট বা শপিং আইটেম
- এআই ফটো ও ভিডিও ট্রিকস
- ট্রাভেল শর্টকাট
- ফিটনেস ট্রান্সফরমেশন
- স্মার্টফোন ক্যামেরা তুলনা
- ছোট কুকিং টিপস
- সম্পর্কভিত্তিক গল্প
এই ধরনের রিল মানুষকে দীর্ঘ সময় ভিডিওর সঙ্গে যুক্ত রাখে।
বিশেষজ্ঞদের মতে, ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশটি শুরুতেই দেখানো উচিত। উদাহরণ হিসেবে, অনেক ফুড ক্রিয়েটর প্রথমে তৈরি হওয়া খাবারের ফাইনাল লুক দেখান, এরপর ধাপে ধাপে রেসিপি বোঝান। এতে দর্শকের আগ্রহ শুরু থেকেই তৈরি হয়।
দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখার কৌশল
অনেক জনপ্রিয় ক্রিয়েটর এখন ওপেন লুপ কৌশল ব্যবহার করছেন। এতে ভিডিওর শুরুতেই কোনও ফলাফল বা রহস্যের ইঙ্গিত দেওয়া হয়, কিন্তু পুরো বিষয়টি শেষে প্রকাশ করা হয়। ফলে দর্শক মাঝপথে ভিডিও ছেড়ে না গিয়ে শেষ পর্যন্ত দেখতে আগ্রহী হন।
এই কৌশলের কারণে ওয়াচ টাইম ও রেটেনশন বাড়ে, যা ইনস্টাগ্রামের অ্যালগরিদমে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক ক্ষেত্রে দর্শক একই ভিডিও একাধিকবারও দেখেন, ফলে রিলের রিচ আরও বৃদ্ধি পায়।
রিল পোস্ট করার সময় যেসব বিষয় গুরুত্বপূর্ণ
শুধু ভালো কনটেন্ট বানালেই হয় না, সেটি সঠিকভাবে উপস্থাপন করাও জরুরি। বর্তমানে ভার্টিক্যাল ফরমেটের ভিডিও সবচেয়ে বেশি কার্যকর বলে ধরা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে-
- ১০৮০×১৯২০ রেজোলিউশন ব্যবহার করা ভালো
- সাবটাইটেল যুক্ত ভিডিও বেশি কার্যকর
- দ্রুত এডিটিং ও উজ্জ্বল আলো দর্শক টানে
- স্ক্রিনে বড় টেক্সট ব্যবহার করলে মনোযোগ বাড়ে
- ট্রেন্ডিং অডিও ব্যবহার করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়ে
- ৩০ সেকেন্ডের কম দৈর্ঘ্যের ভিডিও সাধারণত বেশি দেখা হয়
- নিয়মিত পোস্ট করলে অ্যালগরিদমে ভালো প্রভাব পড়ে
- ভাইরাল হতে এখন আর দামী ক্যামেরা লাগে না
মজার বিষয় হলো, ২০২৬ সালের অনেক ভাইরাল রিল শুধুমাত্র স্মার্টফোন দিয়েই তৈরি হচ্ছে। অর্থাৎ এখন বড় ক্যামেরা বা ভারী এডিটিংয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সৃজনশীল আইডিয়া এবং ভিডিওর আকর্ষণীয় শুরু।
- আরও পড়ুন
সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর কন্টেন্ট আপলোড করছেন? সাবধান হোন
ইনস্টাগ্রামে ‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক
কেএসকে

