Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeনেপালের বিপক্ষে দুই জয়ে দুই ট্রফি, এবার কী হবে?

নেপালের বিপক্ষে দুই জয়ে দুই ট্রফি, এবার কী হবে?

নারী ফুটবলে কাগজ-কলমের শক্তিতে বাংলাদেশের চেয়ে নেপাল এগিয়ে ২৫ ধাপ। তবে আগের দুটি সাফ চ্যাম্পিয়নশিপে র্যাংকিংয়ে সেই পার্থক্য তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বাংলাদেশ ঘরে এনেছিল ঐতিহাসিক দুটি ট্রফি।

দুই দেশের আগের ১১ বারের সাক্ষাতে কোনো জয় ছিল না বাংলাদেশের। পাঁচটি ম্যাচ ড্র করে হেরেছিল ৬ টি। সেই নেপালের বিপক্ষে পর পর দুই ম্যাচ জয়। তাও ফাইনালে এবং নেপালের মাটিতেই।

২০২২ ও ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাঠমান্ডুর দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাবিনা-ঋতুপর্ণারা উঁচিয়ে ধরেছিলেন ট্রফি। এবার বাংলাদেশের সামনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। তার জন্য নিশ্চিত করতে হবে ফাইনাল। আগের দুই আসরের ফাইনালের প্রতিপক্ষ নেপালের সাথে এবার দেখা হচ্ছে সেমিফাইনালেই। বোঝাপড়া হয়ে যাচ্ছে ফাইনালে ওঠার লড়াইমঞ্চে।

হ্যাটট্রিক শিরোপা জেতার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের মেয়েদের জয়ের হ্যাটট্রিক করতে হবে নেপালের বিপক্ষে। হিমালয়ের দেশটির মেয়েদের বিপক্ষে টানা তৃতীয় জয়ই বাংলাদেশকে তুলবে ফাইনালে। তারপর সামনে পড়বে ভারত-ভুটান সেমিফাইনালের বিজয়ী দল।

আগের দুটি সাফেই বাংলাদেশের মেয়েরা শিরোপা জিতেছিল অপরাজিত থেকে। চ্যাম্পিয়ন হওয়ার পথে দুই আসরেই বাংলাদেশ হারিয়েছিল তুমুল প্রতিপক্ষ ভারত ও নেপালকে। এবার বাংলাদেশের মেয়েদের সেই ফর্ম নেই। দুই ম্যাচ খেলে একটিতে কোনোমতে মালদ্বীপকে হারিয়ে অন্যটিতে হেরে গেছে ভারতের কাছে। তাও ৩-০ গোলের বড় ব্যবধানে।

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর কয়েকজন খেলোয়াড়কে নিয়ে কোচ পিটার বাটলারের প্রকাশ্যে নেতিবাচক মন্তব্য, সেমিফাইনালের আগের দিন সকালে অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের ইন্তেকালে অনুশীলন বাতিল হওয়া ছাড়াও আরো কিছু নেতিবাচক খবরে গোয়ায় বাংলাদেশ দলের মধ্যে টালমাটাল অবস্থা। তাই বুধবার নেপালের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য কঠিন এক পরীক্ষাই হবে।

বাংলাদেশ শিরোপা ধরে রাখতে পারবে কিনা, সেই আলোচনরে আগে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নেপালের বিপক্ষে জিতে বাংলাদেশ ফাইনালে উঠতে পারবে কিনা। কোচ পিটার বাটলার আপাতত সেমিফাইনাল নিয়েই ভাবছেন।

এদিকে মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে থাকতে পারছেন না শিউলি আজিম। গোয়া থেকে পাঠানো বিভিন্ন গণমাধ্যমের খবরে সেটাই নিশ্চিত হওয়া গেছে। কারণ, ফ্লাইট শিডিউল। গোয়া থেকে ঢাকা হয়ে ময়মনসিংহের ধোবাউরার কলসিন্দুর গ্রামে যেতে লম্বা সময়ের প্রয়োজন। তাই তো মায়ের অন্তিম যাত্রায় বিদায় দিতে পারছেন না জাতীয় দলের হয়ে অর্ধ শতাধিক ম্যাচ খেলা এই ডিফেন্ডার।

বাংলাদেশ ও নেপালের সেমিফাইনাল শুরু হবে বিকেল চারটায়। রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান।

আরআই/এমএমআর