প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর দুপুরের খাবারের সরকারি বাজেট মাত্র ১০০ টাকা, যা ক্যাবিনেটের সবার জন্যই সমভাবে নির্ধারিত। অথচ বিগত দিনে দেখা গেছে, একেকজন প্রধানমন্ত্রীর দুপুরের খাবারের বিলই আসত দেড় লাখ টাকা।
তিনি বলেন, একজন অভিভাবকের মতো এই পরিমিতিবোধ ও সততা শতভাগ বজায় রাখায় দেশের মানুষ তার ওপর পূর্ণ আস্থা রেখেছে।
রোববার (৩১ মে) বিকেলে নগরীর শহীদ সুলেমান হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এসময় সিলেটের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা যে কোনো মূল্যে পূরণ করতে হবে। শিগগির সিলেটে ২৫০ শয্যার হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। পাশাপাশি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ১২ শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চলছে।’
তিনি বলেন, ‘সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করা হবে। সাহেবের বাজার থেকে টিলাগড় পর্যন্ত শহরের বাইপাস দিয়ে একটি নতুন রাস্তা নির্মাণ করা হবে, যাতে পণ্যবাহী ভারী যানবাহন শহরে প্রবেশ না করে বাইরে দিয়েই চলাচল করতে পারে।’
শহরের চারপাশে লিংক রোড করা যায় কি না, তা খতিয়ে দেখতে এরইমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি এবং সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
সভায় সিলেট মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আহমেদ জামিল/এসআর

