Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeমোহামেডান ছেড়ে সিটি ক্লাবের কোচ হলেন সেন্টু

মোহামেডান ছেড়ে সিটি ক্লাবের কোচ হলেন সেন্টু

এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রধান কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করে তারই সহকারী আবদুল কাইয়ুম সেন্টুকে দায়িত্ব দিয়েছিল মোহামেডান। মৌসুমের শেষ দিকে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির ডাগআউট সামলানো সেন্টু পাড়ি জমিয়েছেন অন্যত্র।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে বাংলাদেশ ফুটবল লিগে ওঠা সিটি ক্লাবের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সাবেক এই মিডফিল্ডার। রোববার সেন্টু নিজেই নতুন দলের দায়িত্ব নেওয়ার কথা নিশ্চিত করেছেন জাগো নিউজকে।

এর আগে সেন্টু ২০১৮ সালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন। আবদুল কাইয়ুম সেন্টু কোচিং ক্যারিয়ার শুরু করেন ২০১০ সালে মোহামেডানে নাইজেরিয়ান এমেকার সহকারি হিসেবে। মাঝে সফিকুল ইসলাম মানিকের সহকারিও ছিলেন। মোহামেডানে এই মৌসুমে ছিলেন আলফাজ আহমেদের সহকারী।

মোহামেডানে নতুন মৌসুমে থেকে যাওয়ার প্রস্তাব পাওয়ার কথাও বলেছেন সেন্টু, ‘ব্রাদার্সের বিপক্ষে শেষ ম্যাচের পর দলনেতা আমিরুল ইসলাম বাবু আমাকে নতুন মৌসুমে থেকে যাওয়ার জন্য বলেছিলেন। তবে আমি মোহামেডানে প্রধান কোচ হিসেবে থাকতে চাইনি।’

মোহামেডানের মতো দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন কেন? ‘আসলে মোহামেডানের মতো দলের প্রধান কোচের চাপ আমি নিতে পারবো না। যদি দলটি বিদেশি ভালো কোচ আনতো তাহলে সহকারী হিসেবে প্রস্তাব পেলে বিবেচনা করতাম। আর সিটি ক্লাবে আমি সুযোগ সুবিধা ভালো পাবো। নতুন ক্লাব, দেখি কতটুকু কি করা যায়। এসব চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি’- বলেছেন সেন্টু।

এরই মধ্যে নতুন ক্লাবের দল গঠনও শুরু করে দিয়েছেন সেন্টু। দুইজন বিদেশিকে সিটি ক্লাবে খেলা নিশ্চিত করেছেন বলেও জানালেন সেন্টু। রহমতগঞ্জের গাম্বিয়ান সলোমন কিং ও ফর্টিসের নাইজেরিয়ান ফুটবলার ওকাফর নতুন মৌসুমে খেলবেন নতুন দল সিটি ক্লাবে।

আরআই/আইএইচএস