যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ওয়েস স্ট্রিটিং। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি চিঠির মাধ্যমে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর পদ ছাড়ার কারণ হিসেবে স্ট্রিটিং উল্লেখ করেছেন যে, বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর তিনি আস্থা হারিয়েছেন।
নিজের চিঠিতে তিনি লিখেছেন, কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর আমার আর কোনো আস্থা নেই। এই অবস্থায় সরকারের অংশ হয়ে থাকাটা হবে নীতিহীন এবং সম্মানহানিকর কাজ।
তার এই আকস্মিক পদত্যাগ যুক্তরাজ্যের বর্তমান রাজনীতিতে বেশ তোলপাড় সৃষ্টি করেছে এবং স্টারমার প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগের পর এখনও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে ডাউনিং স্ট্রিট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, প্রধানমন্ত্রী তার নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।
প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র জানিয়েছেন, স্টারমারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। গত সোমবার তিনি যে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, তা এখনও বহাল রয়েছে।
যদি প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক চ্যালেঞ্জ শুরু হয়, তবে স্টারমার চাইলে সরাসরি সেই ব্যালট পেপারে নিজের নাম রাখতে পারবেন এবং প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
সোমবার নিয়মিত ক্যাবিনেট বৈঠকে লেবার পার্টির সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের জন্য ‘ব্যক্তিগত দায়’ স্বীকার করে নিয়েছিলেন স্টারমার। একই সঙ্গে তিনি সাফ জানিয়েছিলেন যে, নেতৃত্বকে চ্যালেঞ্জ করার জন্য যে প্রক্রিয়া প্রয়োজন, তা এখনও শুরু হয়নি।
সূত্র: বিবিসি
এমএসএম

