পাবনার ঈশ্বরদীতে তিন বন্ধু বাজি ধরে কলা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে। পরে স্থানীয়রা তাদের গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের দুবলচারা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা সবাই কিশোর। তারা উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারীর বাসিন্দা।
স্থানীয়রা জানান, স্কুল শিক্ষার্থী ওই তিন কিশোর প্রাইভেট শেষে অটোরিকশায় করে দাশুড়িয়া থেকে মুলাডুলির দুবলাচারা গ্রামে ঘুরতে যায়। এসময় নিজেদের মধ্যে বাজি ধরে একটি কলাবাগান থেকে বেশ কিছু কলা চুরি করে। তবে স্থানীয় কয়েকজন যুবক দেখে ফেলে তাদের গাছের সঙ্গে বেঁধে রাখেন।
এ ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ‘ওই তিন শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শেখ মহসীন/এসআর/জেআইএম

