শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৩১ মে) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ সভা শুরু হয়। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করছেন।
সভায় আরও উপস্থিত রয়েছেন—বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি সেলিমা রহমান, স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুল্লাহ, দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
আলোচনা সভা শুরুর আগে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনে অবদান এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তার ভূমিকা নিয়ে সভায় আলোচনা হবে।
কেএইচ/এমকেআর

