বান্দরবান-মিয়ানমারের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গ্যা (১১) নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে বাইশফাঁড়ী-মিয়ানমার সীমান্তের ৩৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমিনাইং তঞ্চঙ্গ্যা উপজেলার বাইশফারী তংচঙ্গ্যা গ্রামের কিংহ্লা তঞ্চঙ্গ্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে জুমে কাজ করতে যায় ওই কিশোর। সে দুপুরের দিকে জুমের বাগানের নিচে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের পাশে একটি পরিত্যক্ত মর্টারশেল কুড়ে পায়। মর্টারশেলটি জুম ঘরে এনে খেলতে থাকে। হঠাৎ বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়। পরে বিজিবি ও পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
ঘুমধুম ইউপি সদস্য বাবুল চাকমা বলেন, ‘দুপুরের দিকে কুড়িয়ে পাওয়া মর্টারশেল নিয়ে খেলতে গিয়ে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সড়কের পাশে আনা হয়েছে।’
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, ‘শূন্যরেখা থেকে আনুমানিক ১০ গজ মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল বিস্ফোরণে এক কিশোর নিহতের খবর শুনেছি। তবে সে কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি। যাচাই- বাছাই সম্পন্ন হলে নিশ্চিত করে বলা যাবে।’
নয়ন চক্রবর্তী/এসআর/জেআইএম

