রাজধানীর ডেমরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. নাজমুল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ইমন (১৯) আহত হয়েছেন। বুধবার (৬ মে) রাত ১১টার দিকে ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথমে তাদের উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। এখানে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।
নাজমুলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারী মো. শাহিন বলেন, কোনাপাড়ার বাঁশেরপুর পেপার মিল গেটের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান নাজমুল ও ইমন। এতে দুজনই গুরুতর আহত হন।
তিনি বলেন, প্রথমে দুজনকে মুগদা মেডিকেলে নিয়ে যাই। সেখানে নাজমুলের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এখানে নাজমুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইমনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
শাহিন জানান, নিহত নাজমুলের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামে। তার বাবার নাম দেলোয়ার হোসেন। ডেমরার কোনাপাড়া এলাকায় থাকতেন তিনি। পেশায় ব্যবসায়ী।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জাননো হয়েছে।
কাজী আল-আমিন/বিএ

