আসন্ন ঈদকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। সড়কের ৬০ কিলোমিটার এলাকায় কোন ধরনের যানজট নেই। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে সড়কের বিভিন্ন অংশে ঘুরে এমন চিত্র চোখে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কে ট্রাক, কাভার্ডভ্যান, লরি, পিকআপ চলাচল কমে গেলেও বেড়েছে সব ধরনের গণপরিবহন। দূরপাল্লার ও অভ্যন্তরিণ রুটে সব ধরনের বাস চলাচল বেড়েছে। বেড়েছে ব্যক্তিগত গাড়ি চলাচলও।
চট্টগ্রাম শহর থেকে বারইয়ারহাট যাওয়া বেসরকারি চাকরিজীবী নাজিম উদ্দিন বলেন, মহাসড়কের মিরসরাই-সীতাকুণ্ড অংশে প্রায় সময় যানজট থাকে। কিন্তু ঈদ উপলক্ষে ছিল ভিন্ন চিত্র। সড়কে কোন যানজট নেই। একেখান থেকে মাত্র ১ ঘণ্টায় বারইয়ারহাট পৌঁছেছি।
চয়েস বাসের যাত্রী ইকবাল হোসেন জানান, এবারের ঈদে সড়ক একেবারে ফাঁকা। বাড়িতে আসা নিয়ে টেনশনে ছিলাম যানজট নিয়ে। কিন্তু কোন ধরনের যানজট নেই। স্বস্তি নিয়েই বাড়ি ফিরছি।
উত্তরা পরিবহনের চালক জসীম উদ্দিন বলেন, সড়কে কোন ধরনের ঝামেলা, যানজট ছিল না। অল্পসময়ে মাদারবাড়ি থেকে বারইয়ারহাট বাস স্ট্যান্ডে পৌঁছে যাই।
চট্টগ্রাম জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. রফিক আহমেদ মজুমদার বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে সড়কে যেন কোন ধরনের যানজট দেখা না দেয় এজন্য আমরা কাজ করছি। ঘরমুখো মানুষ নিরাপদে ও স্বস্তি নিয়ে বাড়ি যাচ্ছে। ঈদকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে কিছু পয়েন্ট চিহ্নিত পুলিশ ডিউটি করছে।
এম মাঈন উদ্দিন/এনএইচআর/জেআইএম

