পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্র রোমানিয়ার একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে রাশিয়ার একটি ড্রোন। এতে দুজন আহত হয়েছেন। এ ঘটনার পর তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জোটের ‘প্রতি ইঞ্চি’ ভূখণ্ড রক্ষা করতে ন্যাটো সম্পূর্ণ প্রস্তুত।
অবশ্য রাশিয়া এই ড্রোন হামলার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) রাতভর ইউক্রেন সীমান্তে ভয়াবহ হামলার সময় রোমানিয়ার গালাতি শহরের একটি আবাসিক ভবনের ছাদে আছড়ে পড়ে ড্রোনটি। এতে সেখানে আগুন ধরে যায়।
আরও পড়ুন>>
রোমানিয়ায় ঢুকলো রাশিয়ার ড্রোন, ন্যাটো যুদ্ধবিমানের ধাওয়া
ন্যাটো থেকে সেনা সংখ্যা কমাচ্ছে যুক্তরাষ্ট্র: রোমানিয়া
এবার এস্তোনিয়ার আকাশে অনুপ্রবেশ করলো রুশ যুদ্ধবিমান
এ ঘটনায় বেশ কিছু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশর দান জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠক ডাকেন এবং রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়।
রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওআনা তইউ জানান, এই দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কী পরিণতি হবে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন স্তরে নতুন নিষেধাজ্ঞার প্যাকেজ নিয়েও আলোচনা চলছে।
পরিস্থিতি মোকাবিলায় রোমানিয়া সামরিক জোটের ‘অনুচ্ছেদ ৪’ সক্রিয় করার ইঙ্গিত দিয়েছে, যার মাধ্যমে নিরাপত্তার হুমকি নিয়ে ন্যাটোতে আনুষ্ঠানিক আলোচনা শুরু করা যায়। এছাড়া দেশটি ন্যাটোর কাছে দ্রুত অ্যান্টি-ড্রোন সক্ষমতা চেয়ে অনুরোধ জানিয়েছে।
ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, রাশিয়ার এই বেপরোয়া আচরণ আমাদের সবার জন্য বিপজ্জনক। আমি নিশ্চিত করছি যে মিত্রদের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় ন্যাটো প্রস্তুত।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, রাশিয়ার এই আগ্রাসন আরেকটি ‘সীমা লঙ্ঘন’ করেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট একে একটি ‘দায়িত্বজ্ঞানহীন কাজ’ বলে নিন্দা জানিয়েছেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিলহা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশ প্রমাণ করে যে রাশিয়ার এই আগ্রাসন কৃষ্ণসাগর অঞ্চল তথা পুরো ইউরোপের জন্য একটি বাস্তব হুমকি।
ঘটনার সময় রোমানিয়া দুটি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করে এবং স্থানীয় বাসিন্দাদের জরুরি সতর্কতা জারি করে। রোমানিয়ার সামরিক কর্মকর্তারা বলছেন, এটি সরাসরি রোমানিয়ার ওপর উদ্দেশ্যপ্রণোদিত হামলা না হলেও রাশিয়া যে এই অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি, তা স্পষ্ট।
সূত্র: দ্য গার্ডিয়ান
কেএএ/

