Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ফোডেন, পালমার, ম্যাগুয়ারকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা ইংল্যান্ডের

ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল শুক্রবার আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন। তবে ঘোষিত স্কোয়াডে বড় তারকাদের কয়েকজন জায়গা না পাওয়ায় চমকে গেছেন অনেক...
Homeশাহ আলী মাজারে হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজারে সম্প্রতি হামলার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

শুক্রবার (২২ মে) বাদ জুমা আরামবাগের বাবে রহমত দেওয়ানবাগ শরিফের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, নির্বাচিত সরকার দায়িত্বে আসার পরও মাজার-দরবার ও সুফিপন্থিদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া চরম দুঃখজনক বিষয়। আল্লাহর অলিদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। তাদের মাজার-দরবারে হামলা মানে ইসলামের ওপর আঘাত করা।

মাজারকে কেন্দ্র করে অসাধু শ্রেণির অসামাজিক কার্যকলাপের নিন্দা জানিয়ে বক্তারা বলেন, আল্লাহর অলিদের মাজার-দরবার পবিত্র স্থান। এখানে সমাজবিরোধী কোনো কার্যক্রম হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সমাধানের আহ্বান জানান তারা।

দেওয়ানবাগ শরীফের সমন্বয়ক ও মোহাম্মদী ইসলামের নেতৃত্বদানকারী ইমাম অধ্যাপক ড. কুদরত এ খোদা বলেন, ‘এই দেশ শুধু ওয়াহাবিদের হবে না, আবার শুধু সুন্নিদের হবে না। এই দেশে সবাই শান্তিতে বসবাস ও যার যার ধর্ম পালনের সমান অধিকার রাখেন।’

আউলিয়াদের মাজার ও সুফিপন্থিদের ওপর হামলা আশেকে রাসুলরা নীরবে মেনে নেবেন না বলেও উল্লেখ করেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘প্রতিটি অলি-আল্লাহর মাজার আমরা দেওয়ানবাগ শরীফ পাহারা দেবো। আপনারা আর কোনো অলির মাজারে হামলা করার দুঃসাহস দেখাবেন না।’

বিশ্ব সুফি সংস্থার কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আফতাব আলম জিলানী বলেন, ‘দুশ্চরিত্রবানদের হাতে আমরা শান্তিপ্রিয় সুফিরা আর নির্যাতিত হবো না। হযরত শাহজালাল (রহ.)-এর শিক্ষা নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।’

সহযোগী অধ্যাপক ড. নাসির উদ্দিন সোহেল বলেন, ‘তোমরা মাজার ভাঙতে পারবে, কিন্তু অলি-আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের হৃদয় থেকে মুছতে পারবে না।’

আরও বক্তব্য দেন দেওয়ানবাগ শরিফের সহকারী মুখপাত্র মো. জহিরুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ শিবলী নোমান ও ইসলামি বক্তা মাওলানা সাব্বির আহমাদ ওসমানী।

গত ১৪ মে রাতে সাপ্তাহিক জলসা চলাকালে শাহ আলী মাজারে হামলা করে একদল উচ্ছৃঙ্খল মানুষ। অন্তর্বর্তী সরকারের সময় থেকে এ পর্যন্ত সারাদেশে শতাধিক মাজার-দরবারে হামলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ইএইচটি/একিউএফ