Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeসন্তানরা খোঁজ না নেওয়ায় মাদক বিক্রি করেন লতিফা, চাইলেন নিজের শাস্তি

সন্তানরা খোঁজ না নেওয়ায় মাদক বিক্রি করেন লতিফা, চাইলেন নিজের শাস্তি

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে বসতঘরের চালের ড্রাম থেকে ২০০ পিস ইয়াবাসহ লতিফা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। এসময় ইয়াবা, গাঁজাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এদের মধ্যে লতিফা বেগমও রয়েছেন।

মাদক কারবারি লতিফা বেগম নিজের দায় স্বীকার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে বলেন, ‌‘আমি মাদক বিক্রি করি। কারণ আমার দুই সন্তানও মাদক বিক্রি করে। তারা আমাকে ভরণপোষণের কোনো টাকা দেয় না। তাই কোনো উপায় খুঁজে না পেয়ে খেয়ে বেঁচে থাকতে আমিও মাদক বিক্রি করি। এখন যদি আমার অপরাধ হয়, তাহলে আমাকে আপনারা শাস্তি দেন।’

অভিযানে আটকরা হলেন ভৈরব শহরের পঞ্চবটি এলাকার আক্কা মিয়ার স্ত্রী লতিফা বেগম (৫৮), একই এলাকার সজিব মিয়ার ছেলে জিহাদ (২০) এবং শহরের তাতারকান্দি এলাকার মৃত আমির মিয়ার ছেলে জাকির হোসেন (২৬)।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেল অফিস, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। শহরের কমলপুর পঞ্চবটি পুকুরপাড় এলাকায় আক্কা মিয়ার স্ত্রী লতিফা বেগমের বাড়িতেও অভিযান চালানো হয়। এসময় বসতঘরের চালের ড্রামের ভেতর থেকে পোটলায় লুকানো ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির নগদ আট হাজার ৯৪০ টাকাও জব্দ করা হয়।

আরেক অভিযানে একই এলাকার জিহাদের বসতঘর থেকে পাঁচ পুড়িয়া গাঁজা উদ্ধারসহ নগদ এক হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল অফিসের পরিদর্শক চন্দন গোপাল সুর, উপপরিদর্শক সাইকুল ইসলাম তালুকদার প্রমুখ।

এ বিষয়ে ভৈরবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক জানান, মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে আটক মাদক কারবারিদের বিভিন্ন দণ্ড দেওয়া হয়েছে। লতিফা বেগমকে ছয় মাস কারাদণ্ড ও আট হাজার টাকা জরিমানা, জিহাদকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার ৮০০ টাকা জরিমানা এবং জাকিরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

রাজীবুল হাসান/এসআর/এএসএম