শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এবছর ৫৬ লাখ ৫০ হাজারের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে, যা প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এরপরও আরও কিছু সংরক্ষণের আশা রয়েছে।
রোববার (৩১ মে) বিকেলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যারা পরবর্তী ধাপে চামড়া কিনবেন, তাদের কেনার প্রক্রিয়ার মধ্যে ধীরগতি পরিলক্ষিত হলে ‘ওয়েট ব্লু’ চামড়া রপ্তানির অনুমতি দেবে সরকার।
তিনি বলেন, চামড়া সংরক্ষণ নিয়ে পুরো সন্তুষ্ট হয়ে যাওয়াটা ভালো লক্ষণ না। একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে যে পরিমাণ চামড়া সংরক্ষণ হয়েছে, তাতে আলহামদুলিল্লাহ।
আগামী দিনে চামড়া খাতকে পরিকল্পনা মাফিক খাতে রূপান্তর করার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে স্লটার হাউজ (কসাইখানা) করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘এর মাধ্যমে পশু জবাই, চামড়া ছাড়ানো ও মাংস কেটে গ্রাহকদের হাতে দেওয়া হবে। এটি হবে পেশাগত দক্ষতার সঙ্গে এবং কম খরচে। এটি বাস্তবায়ন হলে স্লটার হাউজের মাধ্যমে জবাই করা চামড়ার পুরোটাই সংরক্ষণ করা যাবে। পাশাপাশি শহরগুলোতে পশু জবাইজনিত কারণে আবর্জনা জমানোর সুযোগ থাকবে না।’
এর আগে নগরীর শহীদ সুলেমান হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি এবং সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
আহমেদ জামিল/এসআর

