সিরাজগঞ্জের তাড়াশে সুদের টাকা পরিশোধ না করায় গৃহবধূকে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত গৃহবধূ তাহমিনা খাতুন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
রোববার (৩১ মে) রাত সাড়ে ১০টায় উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার জানায়, একই গ্রামের আমিরুল ইসলামের কাছ থেকে ৪০ হাজার টাকা সুদের উপর নেন গৃহবধূ তাহমিনা খাতুন। নিয়মিত সুদের টাকা পরিশোধ করলেও সম্প্রতি আর্থিক সংকটের কারণে টাকা দিতে পারছিলেন না। এরই জেরে রোববার রাতে আমিরুল ইসলাম সুদের টাকা আদায়ের জন্য তাহমিনার বাড়িতে যান। টাকা দিতে না পারায় দুজনের মধ্যে বাগ-বিতণ্ডা সৃষ্টি হয়।
এসময় আমিরুল ক্ষিপ্ত হয়ে গৃহবধূকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন তাহমিনা। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী তাহমিনা খাতুন বলেন, পারিবারিক প্রয়োজনে আমিরুলের কাছ থেকে ৪০ হাজার টাকা নেই। যার আসল পরিশোধ করে সুদের টাকাও দিয়েছি। কিন্তু তিনি আরও টাকা দাবি করছেন। রোববার রাতে হঠাৎ বাড়িতে এসে টাকার জন্য চাপ দেন। আমি টাকা দিতে কিছুদিন সময় চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করায় বেধড়ক মারপিট করেছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি৷ গৃহবধূ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এম এ মালেক/এএইচ/এমএস

