আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শরীয়তপুরের গরুর হাটে নজর কেড়েছে বিশাল দেহের খাসি ‘সঞ্চয়’। লম্বা ঝুলন্ত কান, বাদামি-সাদা-কালো রঙের আকর্ষণীয় হওয়ায় খাসিটি দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ।
জানা গেছে, প্রায় আড়াই বছর আগে নাটোর থেকে মাত্র তিন মাস বয়সি একটি তোতাপুরি জাতের খাসির বাচ্চা কিনে আনেন শরীয়তপুর সদর উপজেলার ডোমসার এলাকার বাসিন্দা কামরুল হাসান। তখন খাসিটির দাম ছিল ২০ হাজার টাকা। এরপর দীর্ঘদিন ধরে যত্ন ও ভালোবাসায় লালন-পালন করে তিনি খাসিটিকে কোরবানির উপযোগী করে তোলেন। শখ করে নাম রাখেন ‘সঞ্চয়’।
এবার কোরবানির ঈদকে সামনে রেখে শরীয়তপুরের মনোহর বাজার গরুর হাটে বিক্রির জন্য আনা হয়েছে খাসিটি। এর দাম হাঁকা হচ্ছে ১ লাখ ২০ হাজার টাকা।
সোমবার (২৫ মে) দুপুরে মনোহর বাজার গরুর হাটে খাসিটি বিক্রির জন্য নিয়ে আসেন কামরুল হাসান। বিশাল আকৃতির খাসিটি দেখতে হাটে আগত ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় জমে যায়। অনেকেই খাসিটির সঙ্গে ছবি তুলতে এবং কাছ থেকে দেখতে আগ্রহ প্রকাশ করেন।
হাটে আসা মারুফ নামের এক ব্যক্তি বলেন, এমন খাসি আমি এর আগে দেখিনি। খাসিটি লাফিয়ে মানুষের উপরে উঠে আসে। দেখতেও বেশ আকর্ষণীয়। হাটে উঠানোর পর থেকে সবাই খাসিটিকে দেখতে দেখতে আসছে। অনেকে এসে দরদাম করছে।
খাসিটির মালিক কামরুল হাসান বলেন, অনেক যত্ন করে খাসিটিকে বড় করেছি। খাওয়া-দাওয়া ও পরিচর্যায় কোনো কমতি রাখিনি। তাই এর দাম ১ লাখ ২০ হাজার টাকা চেয়েছি। কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ ক্রেতা পাওয়া যায়নি। হাটে সবাই খাসিটি দেখে প্রশংসা করছেন। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় কিছুটা হতাশ লাগছে। এখানে বিক্রি না হলে খাসিটিকে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবো।
বিধান মজুমদার অনি/এনএইচআর/জেআইএম

