অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চলমান তদন্তের স্বার্থে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার পরিবারের সদস্যদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১০ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
আদালত সূত্রে জানা যায়, দুদকের তদন্তকারী কর্মকর্তা নসরুল হামিদ, তার স্ত্রী সীমা হামিদ এবং ছেলে জারিফ হামিদের আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে কর-সংক্রান্ত নথি সংগ্রহ প্রয়োজন।
নথিতে উল্লেখ করা হয়, নসরুল হামিদের বিরুদ্ধে দুদকের ঢাকা-১ কার্যালয়ে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর মামলা দায়ের করা হয়। একই দিনে তার স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের বিরুদ্ধেও পৃথক মামলা রুজু করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, তারা পারস্পরিক যোগসাজশে অসৎ উদ্দেশ্যে আর্থিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আবেদনে তাদের বারিধারা ও কেরানীগঞ্জের স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য, পাশাপাশি সংশ্লিষ্ট কর সার্কেলের টিআইএন নম্বরও আদালতে উপস্থাপন করা হয়েছে।
এমডিএএ/এমএএইচ/

