রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে মিতু আক্তার (২২) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৮ মে) রাত পৌনে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিতুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার ফুপু ডালিয়া। তিনি জানান, মিতুর স্বামী রনি মালয়েশিয়া প্রবাসী। মিতু গৃহিণী। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে মিতু তার নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস নেন। বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডালিয়া আরও জানান, স্বামী মালয়েশিয়া থাকার সুযোগে রিয়াজ নামের একজনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন মিতু। এ নিয়ে ছোটভাই তাকে বকাঝকা করে। এতে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিতু।
তিনি জানান, মিতু শরীয়তপুরের জাজিরা থানার ইয়াসিন মাদবার কান্দি গ্রামের আজিজ মাতবরের মেয়ে। বর্তমানে কামরাঙ্গীরচরের আচারওয়ালা ঘাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। মিতুর একটি ছেলে সন্তান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/এমএমকে

