Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

গ্রামের বাড়ি একই এলাকায়, মনিরা শারমিনের রিট শুনানি নিতে ‘অপারগ’ বিচারক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন...
Homeবৃষ্টির দিনেও জরুরি সানস্ক্রিন, জানুন কারণ

বৃষ্টির দিনেও জরুরি সানস্ক্রিন, জানুন কারণ

অনেকের ধারণা, আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টি হলে সানস্ক্রিন ব্যবহার না করলেও চলে। কারণ তখন সূর্যের আলো তেমন চোখে পড়ে না। কিন্তু বাস্তবতা হলো, সূর্যের ক্ষতিকর রশ্মি দৃশ্যমান না হলেও তার প্রভাব ঠিকই ত্বকের ওপর পড়ে। তাই আবহাওয়া যেমনই হোক, ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহার অপরিহার্য।

মেঘলা বা বৃষ্টির দিনে সূর্যের আলো অনেকটা নরম মনে হলেও এর মানে এই নয় যে ক্ষতিকর রশ্মি নেই। গবেষণায় দেখা গেছে, হালকা মেঘের স্তর ভেদ করে প্রায় ৮০ শতাংশ অতিবেগুনি (ইউভি) রশ্মি ত্বকে পৌঁছাতে পারে। ফলে বাইরে রোদ না থাকলেও ত্বক ক্ষতির ঝুঁকিতে থাকে।

বৃষ্টির দিনেও জরুরি সানস্ক্রিন, জানুন কারণ

অনেকে আবার ভাবেন বিকেলের দিকে বের হলে সানস্ক্রিনের প্রয়োজন নেই। সত্যি বলতে, বিকেল ৫টার পর সূর্যদাহ বা সানবার্নের ঝুঁকি কিছুটা কমে যায়, কারণ এ সময় ইউভিবি রশ্মির তীব্রতা কম থাকে। তবে সূর্য পুরোপুরি অস্ত যাওয়ার আগ পর্যন্ত ইউভিএ রশ্মি সক্রিয় থাকে, যা ত্বকের বয়স দ্রুত বাড়ানো, রিঙ্কল তৈরি এবং দীর্ঘমেয়াদে ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়াতে ভূমিকা রাখে। তাই বিকেলেও সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

সকালের সময়টাও নিরাপদ ভেবে অনেকেই সানস্ক্রিন এড়িয়ে যান। কিন্তু সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউভিবি রশ্মি সবচেয়ে বেশি সক্রিয় থাকলেও, সকাল ও বিকেলের দিকে ইউভিএ রশ্মির উপস্থিতি বেশি থাকে। ইউভিএ রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করে ক্ষতি করে, যা ধীরে ধীরে চোখে পড়ে। তাই দিনের শুরু থেকেই সানস্ক্রিন ব্যবহার করাই সবচেয়ে ভালো অভ্যাস।

আরও পড়ুন:

শুধু বাইরে থাকলেই নয়, ঘরের ভেতরেও অনেক সময় সানস্ক্রিন প্রয়োজন হতে পারে। বিশেষ করে যদি আপনি জানালার পাশে বা কাচঘেরা ঘরে দীর্ঘ সময় থাকেন। কারণ ইউভিএ রশ্মি কাচ ভেদ করে ত্বকে পৌঁছাতে পারে। একইভাবে গাড়িতে ভ্রমণের সময়ও পুরোপুরি সুরক্ষিত থাকা যায় না। গাড়ির সামনের কাচ বেশিরভাগ ক্ষতিকর রশ্মি আটকালেও পাশের ও পেছনের জানালা দিয়ে উল্লেখযোগ্য পরিমাণ ইউভিএ রশ্মি ঢুকে যেতে পারে।

বৃষ্টির দিনেও জরুরি সানস্ক্রিন, জানুন কারণ

সানস্ক্রিনের পাশাপাশি সূর্যের ক্ষতি থেকে বাঁচতে আরও কিছু অভ্যাস গড়ে তোলা জরুরি। যেমন-

  • ইউভি প্রতিরোধক পোশাক পরা
  • বড় ছাঁটের টুপি ব্যবহার করা
  • ভালো মানের সানগ্লাস পরা

এগুলো ত্বক ও চোখকে অতিরিক্ত সুরক্ষা দেয়।

অনেকেই মনে করেন, দীর্ঘ সময় রোদে থাকলেই শুধু সানস্ক্রিন দরকার। কিন্তু বাস্তবে দেখা যায়, আমরা প্রতিদিন ছোট ছোট কাজের জন্য বারবার বাইরে যাই, যেমন- বাজারে যাওয়া, অফিসে যাওয়া বা রাস্তায় কিছুক্ষণ হাঁটা। এসব সময়েও ত্বক ইউভি রশ্মির সংস্পর্শে আসে। তাই ‘অল্প সময়’ বলে বিষয়টিকে হালকাভাবে নেওয়া ঠিক নয়।

বৃষ্টির দিনেও জরুরি সানস্ক্রিন, জানুন কারণ

সানস্ক্রিন ব্যবহারের সবচেয়ে ভালো উপায় হলো এটিকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করা। সকালে ঘুম থেকে উঠে যেমন দাঁত ব্রাশ করা হয়, তেমনি বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন লাগানোও নিয়মের অংশ হওয়া উচিত। এতে আবহাওয়া কেমন বা কতক্ষণ বাইরে থাকবেন এসব ভাবতে হবে না।

সর্বোপরি আমাদের মনে রাখা দরকার, সূর্যের আলো আমাদের শরীরের জন্য উপকারী হলেও এর অতিবেগুনি রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সচেতনতা ও নিয়মিত সানস্ক্রিন ব্যবহারের মাধ্যমে সহজেই এই ঝুঁকি কমানো সম্ভব। বাইরে বের হওয়ার আগে আকাশের দিকে তাকানোর পাশাপাশি নিজের ত্বকের সুরক্ষার কথাও ভাবা জরুরি।

তথ্যসূত্র: মেডিকেল নিউজ টুডে, লরিয়াল

জেএস/