Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

যাকে বলেছিলেন শিয়াল, সেই মোদীকেই ধন্যবাদ দিলেন থালাপতি বিজয়

তামিলাগা ভেট্রি কাজাগাম-টিভিকে নেতা ও অভিনয়শিল্পী থালাপতি বিজয় তার জয়ের পর শুভকামনা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস এমপি রাহুল গান্ধীকে ধন্যবাদ...
Homeএখনো হল ছাড়েননি মেয়াদোত্তীর্ণরা, নবীনদের ক্লাস ২ মাস পেছালো

এখনো হল ছাড়েননি মেয়াদোত্তীর্ণরা, নবীনদের ক্লাস ২ মাস পেছালো

দেশের স্বায়ত্তশাসিত অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হয়ে গেছে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এ কার্যক্রম শুরু হবে আগামী ১৭ জুন। ফলে শুরুতেই দুই মাসের সেশনজটে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (২৫-২৬) শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। জাবিতেও ৭ মে প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে আবাসিক হলে সিট নিশ্চিত করতে ব্যর্থ হয় প্রশাসন। ফলে আগামী ১৭ জুন ক্লাস শুরু হবে বলে বিজ্ঞপ্তি দেয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করলে ক্লাস শুরুর প্রথমেই প্রায় দুই মাসের সেশনজটে থাকবেন জাবি শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়ে হল প্রতিনিধি, জাকসু প্রতিনিধি, প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ক্লাস ৭ মে থেকে শুরু করার বিষয়ে সুপারিশ করলে একপ্রকার বিশৃঙ্খলা তৈরি হয়। মিটিং থেকে ওয়াকআউট করার সিদ্ধান্তও নিয়েছিলেন হল সংসদের নেতারা। স্বল্পসময়ে পর্যাপ্ত প্রস্তুতি, মেয়াদোত্তীর্ণদের বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণসহ বেশকিছু সংকটের কথা উল্লেখ করা হয় সেখানে। পরে কোরবানির ঈদের পরে ক্লাস শুরু হওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের হল সংসদের একজন ভিপি জানান, তাদেরকে বৈঠকে ডাকা হয় ফিস্টের বিষয়ে আলোচনা করার জন্য। কিন্তু সেখানে প্রথমেই আলোচনা হয় নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়ে। সাতদিন আগে তাদের প্রস্তুতির বিষয়ে প্রশ্ন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা থাকলে আরও আগেই আলোচনা সভার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পারতো।

নবাব সলিমুল্লাহ হল সংসদের জিএস মো. ওয়ালী উল্লাহ আল মাহাদী বলেন, ‌‘ফিস্টের বিষয়ে আলোচনা করার কথা থাকলেও ভিসি প্রথমেই ৫৫ ব্যাচের ক্লাস শুরুর বিষয়ে জানান। নবীনদের ক্লাস শুরুর সাতদিন আগে কোনো আলোচনা ছাড়াই সিদ্ধান্ত গ্রহণে আমরা তীব্র প্রতিবাদ জানাই। মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী বের করা এবং নতুন শিক্ষার্থীদের আগমন নিয়ে কী ধরনের প্রস্তুতি নিয়েছেন জানতে চাইলে এক প্রকার বেকায়দায় পড়ে প্রশাসন।’

তিনি আরও বলেন, ‘বিগত সাত মাসে হল সংসদগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো আলোচনা সভা ডাকেনি। কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত এবং মাত্র সাতদিন আগে জানানো—এটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা এবং অসহযোগিতা। এটা অস্বীকার করার সুযোগ নেই। আরও আগেই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে নবীন শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু করা যেতো।’

জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা বলেন, ‘এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসুর আরও বেশি সচেতন থাকা প্রয়োজন ছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসুকে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দিচ্ছে। প্রশাসনের উচিত ছিল যথাসময়ে সব ধরনের পদক্ষেপ নেওয়ার পর শিক্ষার্থীদের ক্লাস শুরু করা। কিন্তু তারা এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই তারা নামমাত্র সিদ্ধান্ত নিয়েছেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি এবং বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট অধ্যাপক আবেদা সুলতানা বলেন, ‘মেয়াদোত্তীর্ণ অনেক শিক্ষার্থী হলের সিট দখল করে রাখায় সিট সংকট দেখা দিয়েছে। ফলে নতুনদের হলে সিট দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে চাওয়া সত্ত্বেও ক্লাস শুরু করা যায়নি। এ মাসের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ, তাদের সবাইকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। সিট খালি হওয়া সাপেক্ষে নতুনদের হল বরাদ্দ দিয়ে আগামী মাসে ক্লাস শুরু করতে পারবো।’

যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, আগামী ১৯ মের মধ্যে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রকিব হাসান প্রান্ত/এসআর/এমএস