ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় ও ব্যস্ততম নায়ক ওমর সানীর আজ জন্মদিন। ১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে দেশে একাই রয়েছেন তিনি। তার স্ত্রী নায়িকা মৌসুমী আছেন সাত সাগর আর তেরো নদীর ওপারে, মার্কিন যুক্তরাষ্ট্রে। ছেলে ও মেয়েও আছেন দূরে। একাই দিনটা কাটাচ্ছেন এই অভিনেতা।
জন্মদিনে এমনিতেও তেমন কোনো আয়োজন করেন না ওমর সানী। কারণ মে মাসের ২৩ তারিখ তার মায়ের মৃত্যুবার্ষিকী। তাই যে মাসে মা হারানোর শোক সে মাসে কোনো আনন্দই কাজ করে না তার মনে।
তবুও জন্মদিন মানে জীবনের বিশেষ দিন। তাই স্বামীকে সেই আনন্দ থেকে বঞ্চিত করেননি মৌসুমী। হাজার মাইল দূরে বসেই কাটলেন কেক। দিলেন মিষ্টি মধুর শুভেচ্ছা। সেখানে আছে প্রেম, ভালোবাসা আর স্বামী হিসেবে সানীর দায়িত্ববোধের কথা।

একটি ভিডিও বার্তা দিয়ে ওমর সানীকে শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমী। সেটি এরইমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে কমেন্ট করছেন দুই তারকার ভক্তরা। বেশিরভাগই ওমর সানীকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে মৌসুমীর সঙ্গে তার দাম্পত্য জীবনের জন্যও শুভকামনা জানিয়েছেন।
ভিডিওটির নিচে এসে মন্তব্য করেছেন ওমর সানীও। তিনি স্ত্রী মৌসুমীর উদ্দেশ্যে লিখেছেন, ‘অনেক ধন্যবাদ তোমাকে তোমার মাঝে তোমাদের মাঝেই খুঁজে পাই আমাকে।’
ব্যক্তিজীবনে ১৯৯৬ সালে অভিনেত্রী মৌসুমীকে ভালোবেসে বিবাহ করেন তিনি। বর্তমানে তারা শোবিজের অন্যতম সফল দম্পতি। তাদের সংসারে এক পুত্র ও এক কন্যা রয়েছে।

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ওমর সানির। এরপর তিনি একাধিক হিট সিনেমায় কাজ করে রোমান্টিক ও অ্যাকশন হিরো হিসেবে খ্যাতি অর্জন করেন। ২০০৩ সালে ‘ওর দালাল’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় শুরু করেন, যেখানে নায়ক ছিলেন শাকিব খান।
এলআইএ

