Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeপশুবাহী পরিবহনে চাঁদাবাজির ঘটনা ঘটলে কঠোর হস্তে দমন

পশুবাহী পরিবহনে চাঁদাবাজির ঘটনা ঘটলে কঠোর হস্তে দমন

আসন্ন ঈদে কোরবানির পশু পরিবহনে সড়কে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটবে না বলে নিশ্চয়তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, আমরা সরকারের পক্ষ থেকে এটুকু নিশ্চয়তা দিতে পারি, কোরবানির পশু নিয়ে চাঁদাবাজির ঘটনা ঘটলে কঠোর হস্তে দমন করা হবে।

বুধবার (৬ এপ্রিল) রাজধানীর গাবতলী গরুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং গাবতলী বাস টার্মিনালে প্রবেশের নতুন রাস্তা নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

মীর শাহে আলম বলেন, আমরা আশা করি যে আগামী ঈদুল আজহায় পশুরহাট এবং দেশবাসীর ঢাকা ছেড়ে যাওয়া এবং আসার রাস্তাগুলো যেন নির্বিঘ্ন থাকে, এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ সজাগ থাকবে।

গরুবাহী গাড়িতে চাঁদাবাজি ও বাজারকেন্দ্রিক গরুর ট্রাক নিয়ে টানাটানির ঘটনা বিভিন্ন সময়ে দেখেছি। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন সময় যেমন দেখেছেন, সে সময় বিভিন্ন রকমের সরকার ছিল। বিনা ভোটের সরকার ছিল। সংবিধান বহির্ভূত সরকার ছিল বা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এবার জনগণের ভোটের নির্বাচিত সরকার। এবার প্রধানমন্ত্রী প্রত্যেকটি বিষয়ে যে বিষয়গুলোতে উনার মিটিং করার কথা না বা অনুশাসন জারি করার কথা না সেই বিষয়গুলো তিনি সরাসরি নজরে নিয়ে আসেন এবং কথা বলেন।

প্রধান সড়কে হাটের সীমানা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে। গাবতলী হাটে টার্গেট এক লাখ গরু আসবে। কোনো কারণে ১ লাখ ৩০ হাজার গরু আসলো। গরু যারা কেনাবেচা করে তারা আমাদের কাছে আগেই বলে না যে কত গরু নিয়ে আসব এবং কত গরু কিনব। সে ব্যাপারেও আমাদের প্রস্তুতি থাকবে। আমরা শুধু এইটুকু বলতে পারি।

তিনি বলেন, আমাদের মনিটরিং অব্যাহত। ঈদের দুই একদিন আগে এই টিম আমরা আবার আসবো। আমাদের যে সমস্ত ব্যবস্থাপনা করার কথা সেটা সঠিক আছে কি না দেখব এবং এর বাইরেও প্রশাসকের নেতৃত্বে আবার একটি মিটিং হবে। সমন্বয় সভা হবে। সেখানে আরও নির্দেশনা দেওয়া হবে। তবে আমি শুধু আপনাদের এটুকু বলতে পারি যে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে না রেখে তাদের আরামদায়ক করার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা করা হবে। আমরা মাঠে আসছি, দেখছি এবং কাজ করছি। মানুষের সুবিধার জন্য জনগণের সুবিধার জন্য আমরা সবসময় মাঠে থাকব।

কেআর/এমআরএম