রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারিবাড়িতে চলছে বিশ্বকবির ১৬৫তম জয়ন্তী পালনের সবশেষ প্রস্তুতি। শুক্রবার (৮ মে) থেকে দেশি-বিদেশি রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হবে কাছারিবাড়ি প্রাঙ্গণ। আয়োজন সফল করতে মহড়ায় ব্যস্ত স্থানীয় সংস্কৃতি কর্মীরা।
জানা যায়, এ বছর ২৫, ২৬ ও ২৭ বৈশাখে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে শাহজাদপুর কাছারিবাড়ি। সম্পন্ন হয়েছে রবীন্দ্র মঞ্চের সাজসজ্জা। দর্শনার্থীদের সুযোগ-সুবিধার বিষয়টি মাথায় রেখে সব প্রস্তুতি নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
কাছারি বাড়ি সূত্রে জানা গেছে, উৎসবে প্রতিদিন আলোচনা ছাড়াও থাকবে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি, গান ও নাটক প্রদর্শন। উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত শাহজাদপুরের কাছারি বাড়ি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে গত কয়েক দিন ধরেই চলছে গান, নাচ, নাটকসহ বিভিন্ন পরিবেশনার মহড়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জাগো নিউজকে বলেন, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করি, আগত দর্শনার্থীরা একটি চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
এম এ মালেক/কেএইচকে/জেআইএম

