ফেনী সদর উপজেলার শর্শদিতে নির্মাণাধীন ভবনে বালুচাপা দিয়ে প্রবাসীর স্ত্রী রিনা আক্তারকে (৪০) হত্যার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম নামে এক নির্মাণশ্রমিককে (রাজমিস্ত্রি) গ্রেফতার করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে চট্টগ্রামের নাসিরাবাদ থেকে তাকে গ্রেফতার করে পিবিআই।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শর্শদী ইউনিয়নের পশ্চিম জের কাছাড় গ্রামের নির্মানাধীন নতুন বাড়ির একটি কক্ষে বালুর নিচ থেকে গৃহবধূ রিনা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফেনীস্থ পিবিআইর পুলিশ সুপার উক্য সিং বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের জানান, গ্রেফতার হওয়া সাইফুল শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামের বাসিন্দা। তিনি প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে রাজমিস্ত্রির সহকারীর কাজ করতেন। সাইফুল একটি ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে পারছিলেন না। গত মঙ্গলবার দুপুরে রিনা আক্তার বাড়ির কাজ দেখতে এলে তার কানের স্বর্ণের দুল দেখে সাইফুলের মাথায় ছিনতাইয়ের বুদ্ধি আসে। এক পর্যায়ে রিনাকে নির্জন ঘরে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি।
হত্যাকাণ্ডের পর মরদেহ গুম করতে ঘরের ভেতরেই বালুর নিচে রিনাকে পুঁতে রাখেন সাইফুল। এরপর কানের দুল নিয়ে পালিয়ে স্থানীয় একটি বাজারে ১৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেন। মঙ্গলবার সন্ধ্যায় বালুর নিচ থেকে রিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই সাইফুলকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে।
ফেনী পিবিআইয়ের পুলিশ সুপার উক্য সিং জানান, সাইফুল হত্যার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা স্বর্ণের দুলটিও উদ্ধার করা হয়েছে। আজ ( শুক্রবার) সাইফুলকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে জানা গেছে।
আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে/জেআইএম

