প্রশ্ন: গরু-ছাগলের যদি দুধের দাঁত না পড়ে এবং নতুন দাঁত না উঠে ওই গরু-ছাগল দিয়ে কি কোরবানি শুদ্ধ হবে?
উত্তর: কোরবানি শুদ্ধ হওয়ার জন্য পশুর নির্দিষ্ট বয়সসীমা পার হওয়া জরুরি। দাঁত পড়া বা ওঠা জরুরি নয়।
জাবের (রা.) থেকে বর্ণিত রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তোমরা মুসিন্না তথা উপযুক্ত বয়সে উপনীত পশু ছাড়া কোরবানি করবে না। (সহিহ মুসলিম: ১৯৬৩)
গরুর ক্ষেত্রে ‘মুসিন্না’ হচ্ছে, যে গরুর দুই বছর পূর্ণ হয়েছে। ভেড়া ও ছাগলের ক্ষেত্রে ‘মুসিন্না’ হচ্ছে, যে ছাগলের এক বছর পূর্ণ হয়েছে। গরুর দুই বছর পূর্ণ হলে এবং ভেড়া-ছাগলের এক বছর পূর্ণ হলে ওই গরু, ভেড়া, ছাগল দিয়ে কোরবানি করা যাবে দুধ দাঁত না পড়ে বা নতুন দাঁত না উঠলেও।
যেহেতু সাধারণ অভিজ্ঞতায় দেখা যায়, ভেড়া-ছাগলের এক বছর পূর্ণ হলে সাধারণত তার দুধের দাঁত পড়ে যায়, গরুর দুই বছর পূর্ণ হলে দুধের দাঁত পড়ে যায়, তাই দাঁত পড়া বা নতুন দাঁত ওঠা দেখে মানুষ কোরবানির পশুর উপযুক্ত বয়স হয়েছে কি না তা বোঝার চেষ্টা করে। শরিয়তের দৃষ্টিতেও এভাবে বয়স অনুমান করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই।
তবে যদি কোনো গরুর ব্যাপারে নিশ্চিতভাবে জানা যায় সেটির দুই বছর পূর্ণ হয়েছে, ছাগলের ব্যাপারে যদি নিশ্চিতভাবে জানা যায় সেটির এক বছর পূর্ণ হয়েছে, তাহলে দুধ দাঁত না পড়লে বা নতুন দাঁত না উঠলেও ওই গরু-ছাগল দিয়ে কোরবানি শুদ্ধ হবে।
ওএফএফ

