Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeজমা পড়লো ৩৩ মনোনয়নপত্র, এখন যাচাই-বাছাইয়ের অপেক্ষা

জমা পড়লো ৩৩ মনোনয়নপত্র, এখন যাচাই-বাছাইয়ের অপেক্ষা

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিনে মোট ৩৩টি ফর্ম জমা পড়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী মনোনয়ন গ্রহণ শেষে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজকে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ছিল। আমরা মনোনয়ন ফর্ম জমা নিয়েছি দিনব্যাপী। সকাল দশটায় আমরা এটা ওপেন করি এবং বিকেল পাঁচটা পর্যন্ত এটা চলে।’

তিনি আরও বলেন, ‘তিনটা ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এক নম্বর ক্যাটাগরি যেটা ক্যাটাগরি ওয়ান, সেখানে আমরা চৌদ্দটা নমিনেশন ফর্ম আমরা গ্রহণ করেছি। আর ক্যাটাগরি টুতে (দুই) আঠারোটা ফর্ম সাবমিট হয়েছে। আর ক্যাটাগরি থ্রিতে একটি।’

নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৩ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এ নিয়ে তাহেরুল হক চৌহান বলেন, ‘আজকে এটা গ্রহণ করলাম। এটা যাচাই-বাছাই হবে এবং এখানে তালিকাটাও প্রকাশ করা হবে তেইশ (২৩ মে) তারিখে। আমি আশা করছি যে আগামী কাল আমরা এটা যাচাই-বাছাই করব।’

তিনি আরও বলেন, ‘বিসিবির গঠনতন্ত্র ২০২৪ সালে সংশোধন করা হয়েছে। আর নির্বাচন পরিচালনার জন্য করা নীতিমালা, এই দুইটি বিষয় মাথায় রেখেই আমরা যাচাই-বাছাই করব।’

পরে বিভাগভিত্তিক মনোনয়ন জমাদানকারীদের নামও প্রকাশ করা হয়। ঢাকা বিভাগ থেকে মনোনয়ন জমা দিয়েছেন সাঈদ বিন জামান, এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ ও জসিমুদ্দিন খান কোস। চট্টগ্রাম বিভাগ থেকে ফর্ম জমা দিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু, মঈনুদ্দিন চৌধুরী ও শরীফুল ইসলাম। রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমিন মনোনয়ন জমা দিয়েছেন। খুলনা বিভাগ থেকে জমা পড়েছে চৌধুরী শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আব্দুস সালামের ফর্ম।

বরিশাল বিভাগ থেকে মুনতাসির আলম চৌধুরী ও মিজানুর রহমান এবং সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী মনোনয়ন জমা দিয়েছেন। ক্যাটাগরি-৩ থেকে একমাত্র মনোনয়ন জমা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর।

এ সময় শাহরিয়ার হোসেন বিদ্যুতের ফর্ম তোলার বিষয়েও কথা বলেন রিটার্নিং অফিসার। তিনি বলেন, ‘তিনি ফর্ম তুলেছিলেন। তবে গঠনতন্ত্র পর্যালোচনা করে আমরা দেখেছি, তিনি ক্যাটাগরি-৩ এ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন। তিনি খেলোয়াড় কল্যাণ সংস্থার একজন প্রতিনিধি। এ কারণে কাউন্সিলর হিসেবে থাকতে পারলেও পরিচালক পদে নির্বাচন করার যোগ্যতা তার নেই। গঠনতন্ত্র অনুযায়ী তিনি এই ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নিতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘হ্যাঁ, এখানে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তিনিও শুরুতে বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারেননি। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি নিজেই ফর্ম ফেরত দিয়েছেন।’

এসকেডি/এমএমআর