পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে রাজসিক সংবর্ধনা দিয়ে বিদায় দিয়েছে রাবেয়া এগ্রো ফার্মের মালিকপক্ষ।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় মহিষ ডোনাল্ড ট্রাম্পের ক্রেতা মহিষটি নিতে এলে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়।
এর আগে দুপুর থেকে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের খামারিরা এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেন। পরে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রঙের স্মোক উড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়। এসময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন পশুটি বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এলভিনো জাতের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই। যে কারণে ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

৭০০ কেজি ওজনের মহিষটি আগেই ৫৫০ টাকা কেজি দরে কিনে রেখেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির। এরপর মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ভিড় করেন। সেইসঙ্গে আন্তর্জাতিক মিডিয়ায়ও উঠে আসে মহিষটির খবর।

রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, “মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে বিদায় জানাতে কষ্ট লাগলেও কোরবানির ত্যাগের মহিমায় বিদায় দিতে হয়। আমরা আজীবন মহিষটি মনে রাখবো।”

রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা ‘ডোনাল্ড ট্রাম্প’র ক্রেতা সামির বলেন, ‘মহিষটি অনেক আগেই ক্রয় করেছিলেন। হঠাৎ ভাইরাল হওয়ার খবর পাই। এখন মহিষটি দেখার জন্য আমার এলাকার লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

