Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

রামিসা হত্যা মামলায় চার্জ গঠনের শুনানি আজ

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন শুনানি সোমবার (১ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।...
Homeমিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ ঈদ পুনর্মিলনী

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ ঈদ পুনর্মিলনী

প্রবাস জীবনের ব্যস্ততা, পরিবার থেকে হাজার মাইল দূরে থাকা আর ঈদের দিনে আপনজনদের শূন্যতা- সবকিছু ভুলে গিয়ে এক অনন্য ভ্রাতৃত্বের বন্ধনে নিজেদের রাঙিয়ে তুললেন মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। তাদের আনন্দ, আবেগ, ভালোবাসা আর মিলনমেলায় মুখর হয়ে উঠেছিল রাজধানী কায়রো।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় কায়রোর সাক্কারা কুরাইশ এলাকার আত-তাইসির হলে অনুষ্ঠিত হয় আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশের মিশর শাখার উদ্যোগে ঈদুল আজহা পুনর্মিলনী। এতে অংশ নেন দেশটিতে অধ্যয়নরত আট শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী। আয়োজকদের দাবি, এটিই ছিল মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের এখন পর্যন্ত সবচেয়ে বড় ঈদ পুনর্মিলনী।

পবিত্র আল-কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনটির সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব। তিনি বলেন, প্রবাসে থেকেও যেন শিক্ষার্থীরা পরিবার ও দেশের উষ্ণতা অনুভব করতে পারেন, সেই লক্ষ্য নিয়েই এই আয়োজন।

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ ঈদ পুনর্মিলনী

এরপর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। শিল্পীদের সুললিত কণ্ঠে ইসলামি সংগীত ও বিভিন্ন পরিবেশনা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানে বিশেষ উপহার দেওয়ার মাধ্যমে প্রায় ১৫০ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে উপস্থিত প্রায় ৪০ জন শিশু-কিশোরের হাতে তুলে দেওয়া হয় খেলনা ও ঈদ সালামি। ছোট শিশুদের হাসিমাখা মুখ আর উচ্ছ্বাসে মুহূর্তেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

পরবর্তী পর্বে সংগঠনের বর্তমান কার্যকরী পরিষদের পক্ষ থেকে সাবেক কার্যকরী পরিষদের সভাপতিদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা প্রবাস জীবনে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও শিক্ষার্থীদের কল্যাণে একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ ঈদ পুনর্মিলনী

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মিসবাহুল হক মিরাজী, সহ-সভাপতি যায়েদ আহমাদ, সাবেক সভাপতি শিহাব উদ্দিন ও আব্দুল আজিজ তরফদার, সাবেক উপদেষ্টা মোস্তফা জামাল, বর্তমান সিনিয়র উপদেষ্টা মোশাররফ হোসেন, সাবেক সদস্য প্রতিনিধি আখতারুজ্জামান এবং বর্তমান সদস্য প্রতিনিধি আবু আদনান মহিবুর রহমান।

সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াবের সমাপনী বক্তব্য এবং প্রবীণ শিক্ষার্থী মাহফুজুর রহমানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে উপস্থিত শত শত শিক্ষার্থীর জন্য পরিবেশন করা হয় কোরবানি করা উট ও গরুর মাংসের বিশেষ আপ্যায়ন। বিশেষ করে সংগঠনের ইতিহাসে প্রথমবারের মতো কোরবানি করা উটের সুস্বাদু মাংস পরিবেশন শিক্ষার্থীদের কাছে এবারের ঈদ আয়োজনকে আরও স্মরণীয় করে তোলে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্য ও মিশরে বসবাসরত প্রবাসী ও পেশাজীবীরা। প্রবাসের মাটিতে এমন হৃদয়ছোঁয়া আয়োজন যেন মুহূর্তের জন্য ভুলিয়ে দিয়েছিল দেশ থেকে দূরে থাকার কষ্ট, আর ক্ষণিকের জন্য হলেও এক ছাদের নিচে গড়ে তুলে এক টুকরো বাংলাদেশ।

একিউএফ