ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ। এই অভিষেকেই ব্যাটে-বলে ঝলক দেখালেন ২১ বছরের আরাফাত মিনহাস। তার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারালো পাকিস্তান।
শনিবার (৩০ মে) রাওয়ালপিন্ডিতে ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তানও। তবে অভিজ্ঞ বাবর আজম আর মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা গাজি ঘুরির ১২৭ রানের জুটিতে ম্যাচ বের করে নিয়ে আসে পাকিস্তান।
শেষদিকে দ্রুত তিনটি উইকেট হারায় পাকিস্তান। বাবর আউট হন ৯৪ বলে ৬৯ করে। ৯২ বলে ৬৫ রানে ফেরেন ঘুরিও। তবে বল হাতে আগুন ঝরানো আরাফাত মিনহাস ১৭ বলে অপরাজিত ১৮ রানে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
এর আগে ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়ে আবির্ভাব জানান দেন ২১ বছর বয়সী স্পিনার আরাফাত মিনহাস। রাওয়ালপিন্ডিতে মিনহাসের বাঁহাতি স্পিনে ২০০ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া।
টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল পাকিস্তান। একটা সময় ১ উইকেটে ৬২ রান ছিল অস্ট্রেলিয়ার। সেখান থেকে আরাফাত মিনহাসের তোপে ৬ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা। টানা দুই ওভারে এই তিন উইকেট নেন মিনহাস।
ম্যাথু শর্ট দলকে এগিয়ে নিচ্ছিলেন। ফিফটির পর তাকেও শিকার করেন অভিষিক্ত মিনহাস। ৭৬ বলে ৫৫ করে ফেরেন শর্ট।
এরপর হাল ধরতে চেয়েছিলেন ম্যাট রেনশ। খেলছিলেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। কিন্তু লেগস্পিনার আবরার আহমেদের অনেকটুকু বাঁক নেওয়া এক বিস্ময় ডেলিভারিতে বোল্ড হয়ে যান রেনশ। ৬৩ বলে ৬২ করে ফেরেন তিনি।
পরের দিকে ম্যাথিউ কুনম্যান লড়াই করে অস্ট্রেলিয়াকে ২০০ পর্যন্ত নিয়ে গেছেন। ৪৪.১ ওভারে অলআউট হয় অসিরা। কুনম্যান করেন ২৪ রান।
আরাফাত মিনহাস ৩২ রান খরচায় একাই নেন ৫টি উইকেট। ২ উইকেট শিকার আবরার আহমেদের।
এমএমআর/একিউএফ

