বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন কাঠামোগত পরিবর্তন নিয়ে কাজ করেছে। এরই অংশ হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বৃদ্ধি করা হয়, যা দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের অন্যতম প্রধান দাবি ছিল।
গত মাসে নতুন বোর্ড গঠনের পর তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটি নিজেদের দ্বিতীয় বোর্ড সভাতেই এই সিদ্ধান্ত নেয়। শুধু পুরুষ ক্রিকেটাররাই নন, নারী ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়ানো হয়েছে।
সম্প্রতি বিসিবির ‘চার-ছক্কা’ পডকাস্টে এ প্রসঙ্গে কথা বলেন বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। তিনি বলেন, ‘যদি এটা করতে চান (প্লেয়ারদের বেতন বাড়াতে চান) তাহলে একটা বোর্ড মিটিংয়েই সম্ভব। আমরা আমাদের (বিসিবির অ্যাড-হক কমিটির) দ্বিতীয় বোর্ড মিটিংয়েই প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বাড়িয়েছি, নারী এবং পুরুষ উভয়েরই। আমার মনে হয়, এটা অনেক দিন ধরেই প্লেয়ারদের পাওনা ছিল। আগেই করা যেত, আমরা এসেই করেছি।’
ক্রিকেটারদের প্রাপ্য সম্মান ও সুবিধা নিশ্চিত করাকে বর্তমান বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছেন খসরু। তার মতে, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হলে খেলোয়াড়দের স্বার্থকে অগ্রাধিকার দিতেই হবে।
এ বিষয়ে তিনি আরও বলেন, ‘প্লেয়াররা অনেক খুশি, তারা এটা ডিজার্ভ করে। তাদেরকে তো এক্সট্রা কিছু দিচ্ছেন না। এটা তাদের পাওনা, তারা এটা ডিজার্ভ করে। আপনি তো প্লেয়ারদের বাদ দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে সামনে নিতে পারবেন না।’
অনেক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটারদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি থাকলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই সেই দাবির বাস্তবায়ন হওয়ায় ক্রিকেটারদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে।
এসকেডি/আইএন

