Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeআমেরিকার জীবনধারা, বাংলাদেশের জন্য কতটা অনুসরণীয়

আমেরিকার জীবনধারা, বাংলাদেশের জন্য কতটা অনুসরণীয়

রাত প্রায় দুইটা। জনমানবহীন একটি সড়কে লাল বাতি জ্বলতেই কয়েকটি গাড়ি থেমে গেল। আশপাশে কোনো ট্রাফিক পুলিশ নেই, তবু কেউ সিগন্যাল অমান্য করল না। একজন বাংলাদেশি হিসেবে দৃশ্যটি আমাকে ভাবিয়ে তুলেছিল—উন্নত সমাজ কি শুধু অর্থে গড়ে ওঠে, নাকি মানুষের অভ্যাস, দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতাই তার আসল ভিত্তি?

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করার সুবাদে এখানকার সমাজব্যবস্থা, নাগরিক জীবন, কর্মসংস্কৃতি ও মানুষের দৈনন্দিন আচরণ খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা আমাকে বারবার উপলব্ধি করিয়েছে, পৃথিবীর অন্যতম উন্নত রাষ্ট্র হিসেবে আমেরিকার অগ্রগতির পেছনে কাজ করেছে কিছু শক্তিশালী সামাজিক ও নাগরিক মূল্যবোধ।

তবে এই অভিজ্ঞতা একই সঙ্গে এটিও শেখায় যে, উন্নয়ন মানে অন্ধ অনুকরণ নয়; বরং অন্যের ভালো দিকগুলো গ্রহণ করে নিজের সমাজ ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে প্রয়োগ করাই প্রকৃত প্রজ্ঞা। বাংলাদেশের বাস্তবতা, সংস্কৃতি ও অর্থনৈতিক কাঠামো ভিন্ন হলেও আমেরিকার কিছু ইতিবাচক দিক আমাদের সমাজ ও রাষ্ট্রব্যবস্থাকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও মানবিক করে তুলতে পারে।

আসলে কোনো উন্নত দেশের অগ্রগতিকে শুধু উঁচু দালান, আধুনিক প্রযুক্তি কিংবা অর্থনৈতিক শক্তিমত্তা দিয়ে বিচার করলে সেটি পূর্ণাঙ্গ মূল্যায়ন হয় না। একটি দেশের প্রকৃত উন্নয়ন নির্ভর করে তার নাগরিকদের মানসিকতা, নিয়ম মানার সংস্কৃতি, সময়ের মূল্যবোধ, শিক্ষা ও গবেষণার মান, পরিবেশ সচেতনতা এবং পারস্পরিক সম্মানের ওপর। এই দিকগুলোতেই আমেরিকার সমাজব্যবস্থা বিশেষভাবে লক্ষণীয়।

এখানে সময়ের প্রতি মানুষের গভীর শ্রদ্ধাবোধ সত্যিই চোখে পড়ার মতো। সময়ানুবর্তিতা সেখানে কেবল ব্যক্তিগত গুণ নয়, বরং সামাজিক দায়িত্বের অংশ হিসেবে বিবেচিত হয়। অফিস, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল কিংবা গণপরিবহন—সর্বত্র নির্ধারিত সময়কে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। কেউ দেরি করলে সেটিকে শুধু ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখা হয় না; বরং অন্যের সময় নষ্ট করার একটি অনৈতিক আচরণ হিসেবেও বিবেচনা করা হয়। বাংলাদেশের বাস্তবতায় সময় অপচয় যেন অনেক ক্ষেত্রেই এক ধরনের স্বাভাবিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। যানজট, অব্যবস্থাপনা, অনিয়ম এবং দেরির কারণে প্রতিদিন বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। অথচ সময়কে যদি আমরা সত্যিকার অর্থে সম্পদ হিসেবে মূল্য দিতে শিখতে পারি, তবে অর্থনীতি যেমন আরও শক্তিশালী হবে, তেমনি সামাজিক জীবনেও ফিরে আসতে পারে কাঙ্ক্ষিত শৃঙ্খলা।

আমেরিকান সমাজজীবনের অন্যতম শক্তিশালী ভিত্তি হলো নিয়ম মেনে চলার সংস্কৃতি। এখানে আইন ও বিধিনিষেধকে মানুষ কেবল রাষ্ট্রের চাপ হিসেবে দেখে না, বরং একটি সুশৃঙ্খল সমাজ গঠনের অপরিহার্য শর্ত হিসেবে বিবেচনা করে। সড়কে গাড়ি চালানো থেকে শুরু করে কর প্রদান, পরিবেশ সংরক্ষণ, গণপরিবহন ব্যবহার কিংবা জনসাধারণের স্থান পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রেও সাধারণ মানুষ নিয়মকে সম্মান করার চেষ্টা করে।

বিষয়টি অনেকাংশেই তাদের পারিবারিক শিক্ষা ও সামাজিক চর্চার সঙ্গে জড়িত। ছোটবেলা থেকেই শিশুদের শেখানো হয়, ব্যক্তিস্বাধীনতার পাশাপাশি অন্যের অধিকার ও সামাজিক শৃঙ্খলার প্রতিও সমান শ্রদ্ধাশীল হতে হবে। তাই সেখানে আইন মানা শুধু শাস্তির ভয়ে নয়, বরং নাগরিক নৈতিকতা ও দায়িত্ববোধের অংশ হিসেবে গড়ে উঠেছে। মাঝরাতে জনমানবহীন সড়কেও অনেক গাড়িকে ট্রাফিক সিগন্যাল মেনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কারণ তারা বিশ্বাস করে, নিয়ম ভাঙা মানে কেবল একটি আইন অমান্য করা নয়, বরং সামগ্রিক সামাজিক শৃঙ্খলাকে দুর্বল করে দেওয়া।

প্রকৃত উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন একটি সমাজ আরও সুশৃঙ্খল, মানবিক, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন হয়ে ওঠে। আমেরিকার জীবনধারা থেকে বাংলাদেশ যদি সেই ইতিবাচক শিক্ষা গ্রহণ করতে পারে, তবে আমাদের ভবিষ্যৎ আরও আধুনিক, সুন্দর ও মানবিক হয়ে উঠতে পারে।

এই মানসিকতাই একটি উন্নত সমাজকে আরও স্থিতিশীল ও কার্যকর করে তোলে। বাংলাদেশের বাস্তবতায় উন্নয়নের অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নিয়ম অমান্যের সংস্কৃতি। অনেক ক্ষেত্রেই ব্যক্তিস্বার্থ সামাজিক দায়িত্ববোধকে ছাপিয়ে যায়। তাই শুধু আইন প্রয়োগ করলেই হবে না, নাগরিকদের ভেতরে আত্মশৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন কঠিন হয়ে পড়বে।

শিক্ষাব্যবস্থার ক্ষেত্রেও আমেরিকার কিছু গুরুত্বপূর্ণ দিক আমাদের জন্য শিক্ষণীয়। সেখানে শিক্ষাকে কেবল চাকরি পাওয়ার মাধ্যম হিসেবে দেখা হয় না। বরং সৃজনশীলতা, গবেষণা, উদ্ভাবন ও বাস্তবজীবনের দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের প্রশ্ন করতে, নতুন ধারণা নিয়ে কাজ করতে এবং ব্যর্থতা থেকে শেখার মানসিকতা গড়ে তুলতে উৎসাহিত করা হয়।

বিশ্ববিদ্যালয়গুলো শিল্পখাত ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করে, যার ফলে শিক্ষা ও বাস্তবজীবনের মধ্যে একটি কার্যকর সম্পর্ক তৈরি হয়। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এখনও মুখস্থনির্ভরতা ও পরীক্ষাকেন্দ্রিক প্রবণতা অনেক বেশি। ফলে সনদ বাড়লেও দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রে ঘাটতি থেকে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় গবেষণা, প্রযুক্তি ও ব্যবহারিক জ্ঞানকে আরও গুরুত্ব দিতে হবে।

স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও আমেরিকা প্রযুক্তিগত উৎকর্ষ, শৃঙ্খলা ও জবাবদিহিতার এক গুরুত্বপূর্ণ উদাহরণ। উন্নত চিকিৎসা প্রযুক্তি, গবেষণাকেন্দ্রিক হাসপাতাল এবং ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা চিকিৎসাসেবাকে আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর করেছে। রোগীর চিকিৎসা-ইতিহাস, পরীক্ষার ফলাফল এবং ওষুধের তথ্য অধিকাংশ ক্ষেত্রেই ডিজিটালভাবে সংরক্ষিত থাকে, ফলে চিকিৎসাপ্রক্রিয়ায় সমন্বয় ও স্বচ্ছতা বজায় থাকে।

এখানে চিকিৎসকদের পেশাগত দায়িত্ববোধও অত্যন্ত লক্ষণীয়। রোগীকে অযথা হয়রানি করা, অপ্রয়োজনীয় পরীক্ষা করানো কিংবা অবহেলা করার বিষয়গুলো খুব কঠোরভাবে দেখা হয়। চিকিৎসকেরা সাধারণত নির্ধারিত সময় মেনে রোগী দেখেন এবং রোগীর সমস্যা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওষুধ বিক্রির ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ।

যত্রতত্র ওষুধের দোকান চোখে পড়ে না এবং ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া অধিকাংশ ওষুধ কেনাও সম্ভব নয়। এর ফলে অপ্রয়োজনীয় ওষুধ সেবন ও অ্যান্টিবায়োটিকের অপব্যবহার অনেকাংশে নিয়ন্ত্রণে থাকে।

যদিও আমেরিকায় চিকিৎসা ব্যয় অত্যন্ত বেশি এবং স্বাস্থ্যবিমা ছাড়া চিকিৎসাসেবা অনেকের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়ায়, তবুও চিকিৎসা ব্যবস্থাপনায় দক্ষতা, প্রযুক্তির ব্যবহার, জবাবদিহিতা এবং জরুরি সেবার দ্রুততা থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যসেবা, টেলিমেডিসিন, হাসপাতাল ব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং ওষুধ বিক্রিতে কার্যকর নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি।

পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতার সংস্কৃতিও আমেরিকার একটি উল্লেখযোগ্য দিক। রাস্তা, পার্ক, নদীর তীর কিংবা জনসমাগমস্থল পরিষ্কার রাখার বিষয়ে সাধারণ মানুষ অত্যন্ত সচেতন। বর্জ্য ব্যবস্থাপনায় পুনর্ব্যবহারযোগ্য উপকরণ আলাদা করা, প্লাস্টিক ব্যবহারে নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশের শহরগুলো দ্রুত সম্প্রসারিত হলেও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে এখনও অনেক সীমাবদ্ধতা রয়েছে। উন্নয়নের পাশাপাশি প্রকৃতি রক্ষা না করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মকে বড় মূল্য দিতে হবে।

আমেরিকার সমাজে স্বেচ্ছাসেবামূলক কাজ ও সামাজিক দায়িত্ববোধের চর্চাও উল্লেখযোগ্য। অনেক মানুষ নিয়মিত কমিউনিটি সেবা, দাতব্য কাজ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেন। এই চর্চা মানুষকে আরও মানবিক ও দায়িত্বশীল করে তোলে। বাংলাদেশের সমাজেও সহমর্মিতা ও মানবিক সম্পর্কের ঐতিহ্য রয়েছে। তবে সংগঠিত সামাজিক উদ্যোগ ও নাগরিক অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন।

শিষ্টাচার, নৈতিকতা ও পারস্পরিক সম্মানের বিষয়টি আমেরিকান সমাজের একটি গুরুত্বপূর্ণ শক্তি। লাইনে দাঁড়ানো, অন্যের ব্যক্তিগত পরিসরকে সম্মান করা, প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য বিশেষ সুযোগ নিশ্চিত করা কিংবা অপরিচিত মানুষকেও হাসিমুখে শুভেচ্ছা জানানো তাদের দৈনন্দিন সামাজিক আচরণের অংশ। এসব বিষয় বাইরে থেকে ছোট মনে হলেও প্রকৃতপক্ষে এগুলোই একটি সভ্য, সুশৃঙ্খল ও মানবিক সমাজের পরিচয় বহন করে।

এখানে মানুষের অধিকার ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয় বলেই সামাজিক জীবনে এক ধরনের পারস্পরিক আস্থা গড়ে উঠেছে। নৈতিকতার বিষয়টিও তারা অনেক গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। বিশেষ করে খাদ্যে ভেজাল বা শিশু খাদ্যে ক্ষতিকর উপাদান মেশানোর বিষয়টি সেখানে শুধু আইনের লঙ্ঘন নয়, বরং মানবিক মূল্যবোধ ও নৈতিকতার গুরুতর অবক্ষয় হিসেবে দেখা হয়। কারণ তারা বিশ্বাস করে, মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে প্রতারণা করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশেও আন্তরিকতা, পারিবারিক বন্ধন ও সামাজিক সৌহার্দ্যের একটি শক্তিশালী ঐতিহ্য রয়েছে। তবে নাগরিক আচরণে আরও শৃঙ্খলা, নৈতিকতা এবং পারস্পরিক সম্মান প্রতিষ্ঠা করতে পারলে আমাদের সমাজও আরও সুন্দর, নিরাপদ ও মানবিক হয়ে উঠতে পারে।

তবে আমেরিকার জীবনধারার সবকিছু যে আমাদের জন্য অনুসরণীয়, সেটি বলা যাবে না। সেখানে ব্যক্তিকেন্দ্রিকতা, পারিবারিক বিচ্ছিন্নতা, মানসিক চাপ, একাকিত্ব ও ভোগবাদী সংস্কৃতির মতো সমস্যাও প্রকট। বাংলাদেশের সমাজে এখনও পারিবারিক বন্ধন, সামাজিক সহমর্মিতা ও আত্মীয়তার সম্পর্ক অনেক বেশি শক্তিশালী। তাই উন্নয়নের পথে এগোতে গিয়ে আমাদের নিজস্ব সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ বিসর্জন দেওয়া উচিত নয়।

বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি হলো বাছাই করে শেখার মানসিকতা তৈরি করা। উন্নত কর্মসংস্কৃতি, সময়ানুবর্তিতা, গবেষণাভিত্তিক শিক্ষা, প্রযুক্তির ব্যবহার, পরিবেশ সচেতনতা ও আইনের শাসনের মতো বিষয়গুলো আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। একই সঙ্গে আমাদের পারিবারিক বন্ধন, সামাজিক সহমর্মিতা, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক পরিচয়ও সমান গুরুত্ব দিয়ে রক্ষা করতে হবে। কারণ প্রকৃত উন্নয়ন কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়।

প্রকৃত উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন একটি সমাজ আরও সুশৃঙ্খল, মানবিক, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন হয়ে ওঠে। আমেরিকার জীবনধারা থেকে বাংলাদেশ যদি সেই ইতিবাচক শিক্ষা গ্রহণ করতে পারে, তবে আমাদের ভবিষ্যৎ আরও আধুনিক, সুন্দর ও মানবিক হয়ে উঠতে পারে।

লেখক: কৃষিবিদ, কলামিস্ট ও চেয়ারম্যান, ডিআরপি ফাউন্ডেশন।
rssarker69@gmail.com

এইচআর/জেআইএম