রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে আদালতের এজলাসে তোলা হয়েছে। মামলার অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানি আজ সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হচ্ছে।
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে কঠোর পুলিশ বেষ্টনীর মধ্যে প্রধান আসামি সোহেল রানা ও অপর আসামি স্বপ্না আক্তারকে আদালতের এজলাসে হাজির করা হয়।
পরে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) আজিজুর রহমান দুলু আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের (চার্জ গঠন) আবেদন করেন।
এর আগে সকালে প্রধান আসামি সোহেল রানাকে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয় এবং তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। অপর আসামি স্বপ্না আক্তারকেও আদালতে হাজির করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত ২৪ মে আদালত পুলিশের দাখিল করা চার্জশিট আমলে নিয়ে আজকের দিনটি অভিযোগ গঠন শুনানির জন্য নির্ধারণ করেন। তদন্তে ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।
গত ১৯ মে পল্লবীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। পরে দুই আসামিকে গ্রেফকার করা হয়।
এমডিএএ/এসএনআর

