Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeলঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন টাইগার অধিনায়ক

লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন টাইগার অধিনায়ক

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে দল পেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার আগেই তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে গল গ্যালান্টস।

৩১ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার গল গ্যালান্টসের দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে স্কোয়াডে যুক্ত হয়েছেন। এর মাধ্যমে আবারও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যাবে বাংলাদেশ অধিনায়ককে।

এর আগে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন লিটন। অংশ নিয়েছেন আইপিএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এবং গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায়। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলার সুযোগ পেলেও চোটের কারণে মাঠে নামা হয়নি তার।

এলপিএলে অবশ্য এটি লিটনের প্রথম অভিজ্ঞতা নয়। ২০২৩ সালে গল টাইটান্সের জার্সিতে তিন ম্যাচ খেলে ৩৪ রান করেছিলেন তিনি।

এদিকে আসন্ন এলপিএলে এখন পর্যন্ত তিন বাংলাদেশি ক্রিকেটারের খেলা নিশ্চিত হয়েছে। গল গ্যালান্টসে লিটন এবং জাফনা কিংসে জায়গা পেয়েছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবং জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগটির ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে সোমবার। তার আগের দিন লিটনের নাম ঘোষণা করলো গল গ্যালান্টস। আগামী ১৭ জুলাই মাঠে গড়াবে টুর্নামেন্টটি।

তবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচির সঙ্গে এলপিএলের কিছুটা সময়ের মিল রয়েছে। টাইগাররা সফরের শেষ ম্যাচ খেলবে ১৯ জুলাই, ফলে জাতীয় দলের দায়িত্ব শেষে লিটনের এলপিএলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এসকেডি/আইএন