ভোলার বোরহানউদ্দিনে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত যুবকের নাম মো. মাইন উদ্দিন (৩৫)। তিনি দেউলা ইউনিয়নের ঝিটকা বাজার এলাকার জাফর বাড়ির মো. নেছার উদ্দিনের ছেলে। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মাইন উদ্দিনের চাচাতো ভাই মো. মনির হোসেনসহ স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মাইন উদ্দিনের বাবা নেছার উদ্দিনের সঙ্গে জমি নিয়ে পাশের করিম উদ্দিন বাড়ির ফয়েজউল্লার বিরোধ চলছে। এ নিয়ে কয়েক বছর আগে উভয় পক্ষের মধ্যে মারামারি ও সালিশ হয়। পরে মাইন উদ্দিনকে হুমকি দিতেন ফয়েজউল্লাহ ও তার ছেলেরা। এ ঘটনাকে কেন্দ্র করে মাইন উদ্দিন দু-তিন বছর ধরে গ্রামের বাড়িতে আসতেন না। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।
এবার ঈদুল আজহা উপলক্ষে গ্রামে আসেন মাইন উদ্দিন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ডেকে নিয়ে ফয়েজউল্লাহ এবং তার ছেলে হেলাল, বেলাল ও তানজির ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে হত্যা মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জেইউএস/একিউএফ

