গাইবান্ধার সুন্দরগঞ্জে দোকান থেকে কীটনাশকসহ ৩০ বস্তা নকল বাংলা টিএসপি সার আটক আটক করেছে করেছেন স্থানীয়রা। পরে তারা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা সারসহ ওষুধ জব্দ করেছে।
সোমবার (১৮ মে) দুপুরে ‘মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স অ্যান্ড প্রতিশ্রুতি কৃষি ঘর’ নামে দোকানের এসব সার জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ
বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (১৭ মে) বিকেলে উপজেলার সানারায় ইউনিয়নের ছাইতানতোলা বাজারে মো. জহুরুল ইসলাম ভুট্টুর দোকান থেকে এসব সার উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, জহুরুল ইসলাম ভুট্টু দীর্ঘদিন থেকে ওই এলাকায় নকল সার ও ওষুধ বিক্রি করে আসছেন। রোববার দুপুরের পর ভুট্টুর ঘরে নকল বাংলা টিএসপিসহ ওষুধ তোলার সময় সন্দেহ হলে আটক করেন স্থানীয়রা। পরে কৃষি অফিসকে খবর দিলে ঘটনাস্থলে উপজেলা প্রশাসনসহ আসে। পরে ওষুধ ও সারগুলো জব্দ করে নিয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, জব্দ করা সারগুলো মো. জহুরুল ইসলাম ভুট্রু ক্রয় করেছিলেন আরেক ব্যবসায়ীর নিকট থেকে। সেগুলো তিনি তার ব্যবসা কেন্দ্রে নেওয়ার আগেই আটকে দেন স্থানীয়রা। পরে খবর দিলে প্রশাসনের লোক চলে আসেন ও সেগুলো উদ্ধার করে নিয়ে যান। এখন স্থানীয় বিএনপির নেতাদের মাধ্যমে প্রশাসনকে ম্যানেজ করার জন্য চেষ্টা করছে।
এ বিষয়ে ওই দোকানের স্বত্বাধিকারী মো. জহুরুল ইসলাম ভুট্টু বলেন, রোববার স্থানীয় বিএনপির নেতারা বিষয়টি মীমাংসা করে দিয়েছেন। আমি এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম আসিফ হাসান বলেন, জব্দ করা মালগুলো আমাদের জিম্মায় আছে। সারগুলো নকল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেগুলো নকল কিনা পরীক্ষা করার জন্য ইতোমধ্যে পাঠানোও হয়েছে। নকল ও ভেজাল সার-ওষুধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত আছে ও থাকবে। সারগুলো কোথা থেকে এসেছে ও কে ক্রয় করেছিলেন সে বিষয়ে তদন্তের কাজ চলছে।
সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ বলেন, রোববার ঘটনাস্থল থেকে কীটনাশক ওষুধ ও সারগুলো জব্দ করা হয়। পরে সেগুলো উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়েছে। সারগুলো নকল কি না বিষয়টি নিশ্চিত হওয়ার পরে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ার আল শামীম/এমএন/এমএস

