Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ধর্ষণ থামাতে পারে না, সিনেমা ঠিকই থামাতে পারে: চমক

ব্রাহ্মণবাড়িয়ায় তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনায় প্রতিবাদের ঝড় থামছে না। নির্মাতা, শিল্পী, সংস্কৃতিকর্মী ও সাধারণ দর্শকদের পর এবার...
Homeধর্ষণ থামাতে পারে না, সিনেমা ঠিকই থামাতে পারে: চমক

ধর্ষণ থামাতে পারে না, সিনেমা ঠিকই থামাতে পারে: চমক

ব্রাহ্মণবাড়িয়ায় তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনায় প্রতিবাদের ঝড় থামছে না। নির্মাতা, শিল্পী, সংস্কৃতিকর্মী ও সাধারণ দর্শকদের পর এবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

আজ (১ জুন) রাত ৯টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন এই অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘প্রশাসন ধর্ষণ থামাতে পারে না, কিন্তু সিনেমার প্রদর্শনী ঠিকই থামাতে পারে। যে দেশে সুর নাই, সে দেশে তো অসুরই তৈরি হবে।’

চমকের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মতপ্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতিক চর্চার পক্ষে অবস্থান নেন।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘বনলতা এক্সপ্রেস’-এর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। আয়োজকদের দাবি, বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই প্রদর্শনীর প্রস্তুতি সম্পন্ন করা হয়। তবে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটি নিয়ে আপত্তি তুলে প্রচারণা চালালে শেষ পর্যন্ত ভেন্যু কর্তৃপক্ষ পূর্বানুমতি প্রত্যাহার করে নেয়। ফলে প্রদর্শনীটি স্থগিত হয়ে যায়।

একই দিনে কসবা উপজেলার তালতলা গ্রামেও স্থানীয় তরুণদের উদ্যোগে চলচ্চিত্রটি প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানেও প্রশাসনের হস্তক্ষেপে প্রদর্শনী বন্ধ হয়ে যায় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় এরই মধ্যে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ১০টি সাংস্কৃতিক সংগঠন। যৌথ এক বিবৃতিতে তারা ঘটনাটিকে সাংস্কৃতিক চর্চার পরিপন্থী এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য অশনিসংকেত বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পরিচিত। ওস্তাদ আলাউদ্দীন খাঁ ও কবি আল মাহমুদের মতো গুণীজনের স্মৃতিধন্য এই জেলায় একটি অনুমোদিত চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক।

সংগঠনগুলোর নেতারা আরও বলেন, ‘বনলতা এক্সপ্রেস’ বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন আইন, ২০২৩ অনুযায়ী প্রদর্শনের অনুমতি পেয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রদর্শিত হয়ে চলচ্চিত্রটি প্রশংসাও কুড়িয়েছে। অথচ নির্মাতা তানিম নূর, যিনি নিজেও ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, তিনি নিজের জেলায় তার নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ পেলেন না।

বিবৃতিতে চলচ্চিত্রকে একটি পূর্ণাঙ্গ শিল্পমাধ্যম হিসেবে উল্লেখ করে বলা হয়, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির অবাধ চর্চা নিশ্চিত করা গণতান্ত্রিক সমাজের অন্যতম শর্ত। কোনো গোষ্ঠীর অসহনশীলতা বা উগ্র মনোভাবের কারণে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হওয়া কাম্য নয়।

ব্রাহ্মণবাড়িয়া অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র, খেলাঘর, উদীচী জেলা সংসদ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, আবরণী, কবির কলম, চারণ, সোনালি সকাল ও আজকের সংস্কৃতি সংগঠনসহ ১০টি সংগঠন যৌথভাবে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে।

আরও পড়ুন:
আল্লাহ মাফ করুক, কানে ধরি: রাজনীতির কথা শুনে শিরিন শিলা
শাকিব-অপুর সঙ্গে অভিনয় বদলে দিয়েছিল শিরিন শিলার ভাবনা

এদিকে রুকাইয়া জাহান চমকের স্ট্যাটাস নতুন করে বিষয়টিকে আলোচনায় নিয়ে এসেছে। তার বক্তব্যে সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই সমর্থন জানিয়ে বলছেন, শিল্প ও সংস্কৃতির চর্চার জন্য সহনশীল পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।

এমএমএফ/জেআইএম