Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ওমানে নিখোঁজ কনটেন্ট ক্রিয়েটরের চারদিন পর মিললো গলিত লাশ

মীর মাহফুজ আনাম, মাস্কাট (ওমান) থেকে ওমানপ্রবাসী তরুণ ব্যবসায়ী মিজান। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে অর্জন করেছিলেন ব্যাপক পরিচিতি। তার অনুসারীর সংখ্যা...
Home‘বনলতা এক্সপ্রেস’ ইস্যুতে ক্ষুব্ধ ১০ সংগঠন

‘বনলতা এক্সপ্রেস’ ইস্যুতে ক্ষুব্ধ ১০ সংগঠন

তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ১০টি সাংস্কৃতিক সংগঠন। যৌথ এক বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা এ ঘটনাকে সাংস্কৃতিক চর্চার পরিপন্থী এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য অশনিসংকেত বলে উল্লেখ করেছেন।

বিবৃতিতে বলা হয়, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু একটি মহল ধর্মীয় আবেগের ভুল ব্যাখ্যা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটির বিরুদ্ধে প্রচারণা চালায়। এর পরিপ্রেক্ষিতে ভেন্যু কর্তৃপক্ষ পূর্বানুমতি প্রত্যাহার করলে প্রদর্শনীটি স্থগিত করা হয়।

একই দিনে কসবা উপজেলার তালতলা গ্রামে স্থানীয় তরুণদের উদ্যোগে চলচ্চিত্রটি প্রদর্শনের আয়োজন করা হলে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সেটিও বন্ধ হয়ে যায়। এই দুই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংস্কৃতিক সংগঠনগুলো।

বিবৃতিতে আরও বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া ওস্তাদ আলাউদ্দীন খাঁ ও কবি আল মাহমুদের মতো গুণীজনদের স্মৃতিধন্য একটি জেলা। দীর্ঘদিন ধরে এ অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চার সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। সেই ব্রাহ্মণবাড়িয়াতেই একটি অনুমোদিত চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।

সংগঠনগুলোর নেতারা উল্লেখ করেন, ‘বনলতা এক্সপ্রেস’ বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন আইন, ২০২৩ অনুযায়ী প্রদর্শনের সরকারি অনুমতি পেয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে এবং প্রশংসাও কুড়িয়েছে। অথচ নির্মাতা তানিম নূর, যিনি নিজেও ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, তিনি নিজের জেলায় তার নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ পেলেন না।

বিবৃতিতে চলচ্চিত্রকে একটি পূর্ণাঙ্গ শিল্পমাধ্যম হিসেবে উল্লেখ করে বলা হয়, চলচ্চিত্র সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রয়োজনীয় সব ধরনের সরকারি অনুমোদন নিয়েই ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শিত হচ্ছে। এমন একটি চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করে দেওয়া সাংস্কৃতিক অঙ্গনের জন্য উদ্বেগজনক।

তারা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে যে কোনো ভিন্নমত প্রকাশ করা যেতে পারে। কিন্তু কোনো গোষ্ঠীর অসহনশীলতা, উগ্রতা বা অগণতান্ত্রিক আচরণের মাধ্যমে একটি শিল্পমাধ্যমের চর্চা বাধাগ্রস্ত হওয়া গ্রহণযোগ্য নয়।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন ব্রাহ্মণবাড়িয়া অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র, খেলাঘর, উদীচী জেলা সংসদ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা, আবরণী, কবির কলম, চারণ, সোনালি সকাল এবং আজকের সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন:
আল্লাহ মাফ করুক, কানে ধরি: রাজনীতির কথা শুনে শিরিন শিলা
শাকিব-অপুর সঙ্গে অভিনয় বদলে দিয়েছিল শিরিন শিলার ভাবনা

তাদের দাবি, সুস্থ সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখতে এবং শিল্প-সাহিত্য-সংস্কৃতির অবাধ চর্চা নিশ্চিত করতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এমএমএফ/জেআইএম