Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeবাড়ি ফেরার উচ্ছ্বাসে সরগরম কমলাপুর স্টেশন

বাড়ি ফেরার উচ্ছ্বাসে সরগরম কমলাপুর স্টেশন

রাজধানীর ব্যস্ততা, কর্মচাপ আর যান্ত্রিক জীবনের ক্লান্তি পেছনে ফেলে প্রিয়জনের কাছে ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ঘরমুখো মানুষের ঢল।

কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের আনন্দ, অপেক্ষা, উদ্বেগ আর ভালোবাসায় সৃষ্টি হয়েছে অন্যরকম এক আবহ। প্রিয়জনের মুখ দেখার আকুলতা, মায়ের রান্নার ঘ্রাণ আর শৈশবের ঈদ আনন্দের টানে হাজারো মানুষ ছুটছেন গ্রামের পথে।

শনিবার (২৩ মে) সকালে স্টেশনের প্ল্যাটফর্মে দেখা যায় মানুষের দীর্ঘ সারি। কারও হাতে বড় ট্রাভেল ব্যাগ, কারও কাঁধে সন্তান, আবার কেউবা পরিবারের সদস্যদের নিয়ে অপেক্ষা করছেন ট্রেনের জন্য।

স্টেশনের ভেতরে হাঁটলেই শোনা যায় নানা রকম আবেগঘন গল্প। কেউ বহুদিন পর গ্রামের বাড়ি ফিরছেন, কেউ বৃদ্ধ বাবা-মায়ের জন্য নিয়ে যাচ্ছেন ঈদের উপহার, আবার কেউ পরিবারের ছোট সদস্যদের জন্য কিনেছেন খেলনা ও নতুন পোশাক।

অনেকের চোখে মুখে ক্লান্তি থাকলেও বাড়ি ফেরার আনন্দ যেন সব কষ্টকে ম্লান করে দিয়েছে। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বেসরকারি চাকরিজীবী জিসান আহমেদ বলেন। বলেন, সারা বছর শুধু এই সময়টার জন্য অপেক্ষা করি। মা-বাবার সঙ্গে ঈদ করার আনন্দ আলাদা। ট্রেন দেরি হলেও সমস্যা নেই, বাড়ি তো যাচ্ছি।

মগবাজার থেকে আসা গৃহিণী শেফা আক্তার বলেন, বাচ্চারা কয়েকদিন ধরেই গ্রামের বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে আছে। ট্রেনে কষ্ট হলেও পরিবারের সবাই মিলে ঈদ করার আনন্দের কাছে এটা কিছুই না। বাড়ি ফিরলেই শান্তি।

একই চিত্র দেখা যায় নারী ও শিশুদের মাঝেও। অনেক পরিবার ছোট ছোট সন্তানদের নিয়ে সকাল থেকেই স্টেশনে এসে অবস্থান নিয়েছে। শিশুদের চোখে বাড়ি যাওয়ার উচ্ছ্বাস, নতুন জামা আর ঈদে বাড়ি ফেরার আনন্দ।

রাজধানীর একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাওজিয়া ইসলামকে বেশ উচ্ছ্বাসিত দেখা যায়। শিশুটি বলে, অনেক দিন পর গ্রামে যাচ্ছি। দাদা-দাদির সঙ্গে ঈদ করবো। অনেক মজা হবে। গ্রাম আমার খুব ভালো লাগে।

কমলাপুর স্টেশনে দায়িত্ব পালনরত রেলওয়ে কর্মকর্তারা বলছেন, ঈদ উপলক্ষে যাত্রীর চাপ প্রতিদিনই বাড়ছে। টিকিটধারী যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেশনের বিভিন্ন প্রবেশপথে নজরদারি বাড়ানো হয়েছে, যেন টিকিটবিহীন যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারেন।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ঢাকা বিভাগের সহকারী কমান্ড্যান্ট রোকনুজ্জামান খান জাগো নিউজকে বলেন, এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আরএনবি, রেলওয়ে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন বাহিনী দায়িত্ব পালন করছেন। স্টেশন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিনা টিকিটের যাত্রীরা যেন প্লাটফর্মে প্রবেশ করতে না পারে সেজন্য তিন স্তরের টিকিট চেকিং কার্যক্রম অব্যাহত।

এনএস/এমআরএম